২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুগ্ধ খামারিদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান

দুগ্ধ খামারিদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 05:30 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

রোববার রাজধানীর একটি হোটেলে প্রাণ এবং জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) যৌথ উদ্যোগে দেশের দুগ্ধ খাতের উন্নয়নে ডেইরি হাব ও ডেইরি একাডেমির ভূমিকা বিষয়ক এক কর্মশালায় বক্তরা এ তাগিদ দেন ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । 

বাংলাদেশে নিযুক্ত ইউনিডোর প্রতিনিধি ড. জাকি-উজ-জামান বলেন, “এ দেশে দুধের উৎপাদন মৌসুম নির্ভর। সে কারণে দামের তারতম্য লক্ষ্য করা যায়। দুধের দাম কমে গেলে খামারিরাও উৎসাহ হারিয়ে ফেলে। এ অবস্থা থেকে উত্তরণে সময়োপযোগী পদক্ষেপ প্রয়োজন।”

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নুরুল ইসলাম বলেন, “একদিকে দুধের উৎপাদন বাড়াতে হবে, অন্যদিকে দুধের ব্যবহার বাড়াতে উৎসাহমূলক কর্মসূচি হাতে নিতে হবে। কেননা দেশে মাথাপিছু দুধের ব্যবহার খুব কম।”

অনুষ্ঠানে প্রাণ ডেইরির প্রধান পরিচালন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “প্রাণ ডেইরি সবসময় খামারিদেরকে দুগ্ধ উৎপাদনে উৎসাহ দিয়ে আসছে। শুধু ব্যবসায়িক চিন্তা করে নয়; খামারিদের জীবনমান উন্নয়নে প্রাণ ডেইরি কাজ করছে ।”

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক এমএ সামাদ খান, প্রাণ ডেইরির জেনারেল ম্যানেজার (অপারেশন) রাজীব ইবনে ইসলাম ও চিফ ডেইরি এক্সটেনশন রাকিবুর রহমানসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা), টেট্রা লাভাল ও প্রাণি সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় প্রাণ ডেইরি হাব ও একাডেমি পরিচালিত হচ্ছে।