ঢাকায় আন্তর্জাতিক পোল্ট্রি মেলা শেষ
বাংলাদেশে প্রক্রিয়াজাত করা পোল্ট্রি পণ্য ২০২০ সাল নাগাদ আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে আশাবাদ রেখে ঢাকায় শেষ হয়েছে আন্তর্জাতিক পোল্ট্রি মেলা।
রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত এ মেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের (ওয়াপসা) বাংলাদেশ শাখার সভাপতি আরেফিন খালিদ এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ করতে হলে উৎপাদন খরচ কমাতে হবে। তাই সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
এসময় আসছে বাজেটে ভূট্টাসহ পোল্ট্রি ফিডে ব্যবহৃত বিভিন্ন উপকরণ আমদানিতে শতকরা ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি), সয়াবিনের ওপর থেকে ১০ শতাংশ ডিউটি এবং ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক তুলে নেওয়ার অনুরোধ করেন তিনি।
তিনদিন ব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওয়াপসা বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, এবং মেলার আহ্বায়ক মসিউর রহমান বক্তব্য রাখেন।
