২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা’

সাংবাদিকতা, সমাজকল্যাণ ও ব্যবসায় উদ্যোগে সাফল্যের জন্য তিন নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০১৬’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 11:33 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

গত ১০ বছরের ধারাবাহিকতায় স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড শুক্রবার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক আয়োজনে এই পুরস্কার প্রদান করে।

এ বছর ‘কীর্তিমতী হিতৈষী সম্মাননা’ পেয়েছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ও লেখক রমা চৌধুরী। সামাজিক অসঙ্গতি, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীর জীবনযুদ্ধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য কুড়িগ্রামের সাংবাদিক লাইলী বেগম পান ‘কীর্তিমতী সাংবাদিক সম্মাননা’। কৃষিক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন্নাহার বেগম পান ‘কীর্তিমতী উদ্যোক্তা সম্মাননা’।

অনুষ্ঠানের শুরুতে ‘পরিবর্তনের প্রয়োজনে সাহসী হও’ -এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্যে বক্তব্য রাখেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

তিনি বলেন, “সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান, প্রয়াসকে স্বীকৃতি দিতে আমাদের আরও বেশি উদ্যোগী হতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ঢাকা) সভাপতি নিহাদ কবির, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখশান্দ।

নিহাদ কবির বলেন, “আজকের দিনে এসে আমরা নারীদের খুব একটা স্বীকৃতি দিতে পারছি। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এ বড় দুঃখের।

“শুধু একটি দিনই নারী দিবস কেন? নারী দিবস হবে প্রতিদিন। নারী ও পুরুষের জন্য কোনো আলাদা দিন নয়। নারী-পুরুষের সাম্য প্রতিষ্ঠায় প্রতিটি দিন হোক সবার।”

সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রমা চৌধুরী। একাত্তরের হানাদারদের পাশবিক নির্যাতন, পরিবারের অবহেলা, দুর্ঘটনায় সন্তান হারানো এই মুক্তিযোদ্ধার বিলাপে স্তব্ধ হয়ে যায় গোটা মিলনায়তন। অনুষ্ঠানে আগতদের চোখও ভিজে উঠে তখন।

রমা চৌধুরী তার পরবর্তী প্রজন্মের উদ্দেশে বলেন, “আমি মানুষের মতো মানুষ খুঁজে বেড়াচ্ছি, সত্যিকারের মানুষ চাই আমি। আমি লেখার মাধ্যমে আপনাদের বলতে চাই কেমন করে বাঁচতে চাই। আমি যে আপনাদের মধ্যেই বাঁচতে চাই।

“আই এই দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। ভালোবাসি আপনাদের। আমরা আমার সহযোগী হন, এটাই আপনাদের কাছে আমার আকুল প্রার্থনা। আমি আর কিছু চাই না।”

সাংবাদিকতা জীবনের শুরুতে সমর্থন মেলেনি পরিবারের, অকুতোভয় লাইলী বেগম কিন্তু থেমে থাকেন না। সমাজের অসঙ্গতির বিরুদ্ধে চলতে থাকে তার কলম। এতে রুষ্ট হয়ে সমাজপতিরা তাকে ছুঁড়ে মারেন এসিড। সে যাত্রায় বেঁচে যান তিনি। এর কিছুদিন পরই আদালতে তারা ঠুকেন মানহানি মামলা। লাইলীকে দমানো যায়নি। লাইলীর অগ্রযাত্রা রুখে দিতে চাওয়া সেই সমাজপতিরাই এখন তাকে সম্মাননা দেন, শ্রদ্ধা করেন।

নিজের জীবন সংগ্রামের গল্প বলতে বলতে চোখ ভিজে উঠে তারও।

কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আজ আমি এত বড় সম্মাননা পেলাম। কিন্তু আমার বাবা মাকে আমি এখানে আসতে বলতে পারিনি। তারা এসে বলবে, ‘এই অ্যাওয়ার্ড পেয়েছো, বেশ! এবার সাংবাদিকতা ছাড়ো।’ কিন্তু আমি তো ছাড়ব না।”

লাইলী এখন দুটি জাতীয় দৈনিক ও একটি টেলিভিশন চ্যানেলের কুড়িগ্রাম সংবাদদাতা হিসেবে কাজ করছেন।

বেকার স্বামীকে নিয়ে বিপাকে পড়েছিলেন ঈশ্বরদীর নুরুন্নাহার বেগম। কী করবেন ভেবে পাচ্ছিলেন না। তখন টিভিতে এক কৃষিবিষয়ক অনুষ্ঠানই জীবনের মোড় ঘুরিয়ে দিল তার।

দুই হাজার টাকা ঋণ নিয়ে তিনি শুরু করেন গবাদি পশু পালন। তারপর সেই গবাদি পশু খামার করেন, একদিন হয় পোল্ট্রি ফার্মও। তারপর কৃষিকাজে মন দিয়ে নিজের ভাগ্য ফেরানোর পাশাপাশি এই নারী এখন গ্রামের হতভাগ্য নারীদের পাশে এসেও দাঁড়িয়েছেন।

কথায় কথায় তিনি জানান, নিজের জেলা থেকে দূরে সিরাজগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট একটি প্রতিবন্ধী হাসপাতালও তিনি স্থাপন করছেন। স্বপ্ন দেখেন একটি বৃদ্ধাশ্রম করবেন, যেখানে হতভাগ্য বাবা মায়েদের সঙ্গে কাটাবেন শেষ জীবন।

সারা দেশের সংবাদকর্মীদের মনোনয়নের ভিত্তিতে একটি নির্বাচক প্যানেল ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা’ প্রাপ্তদের নির্বাচন করেন।

এবারের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে ছিলেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত, প্রিপ ট্রাস্ট-ঢাকার নির্বাহী পরিচালক অ্যারোমা দত্ত, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।