২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের পাশে বড় কোম্পানিকে চান কৃষিমন্ত্রী

নারীর ক্ষমতায়ন ও বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের দিকে বড় কোম্পানিগুলোর হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 09:07 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘১০ম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনারের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বড় কোম্পানি ও খামারিদের আহ্বান জানাই ছোট ছোট খামারি ও উদ্যোক্তাদের পাশে এসে দাঁড়ান, তারা যদি সহযোগিতা না করত আপনারা বড় করপোরেট হতে পারতেন না। বড় হাতই ছোট হাতদের টেনে তুলবে।

“এভাবেই পোল্ট্রি শিল্প দেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের খাত হতে পারে।”

নারী ও তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ছোট্ট খামারের জুড়ি নেই- এমন অভিমত জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, “এই সেক্টরে সরকার অকৃপণভাবে সহায়তা করবে।”

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আইনুল হক বলেন, পোল্ট্রি শিল্প বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় রোগ-বালাইয়ের কারণে এ শিল্পের উপর বিপর্যয় নেমেছে, খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আপদকালীন সময়ে খামারিদের জন্য প্রণোদনা এবং পোল্ট্রি শিল্পের অগ্রগতির স্বার্থে কর মওকুফ সুবিধা, কাঁচামাল ও অত্যাবশ্যকীয় পণ্য আমদানিতে শুল্ক অব্যাহতি দেওয়া প্রয়োজন বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  নারায়ণ চন্দ্র চন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাত্তার মণ্ডল, পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদসহ বিজ্ঞানী, গবেষক, পোল্ট্রি খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

শুরুর দিনই জমে উঠেছে তিন দিনব্যাপী পোল্ট্রি শো, যা চলবে শনিবার পর্যন্ত। পোল্ট্রি খাত সংক্রান্ত নতুন প্রযুক্তি-উদ্ভাবনের এই প্রদর্শনী দেশি বিদেশি খামারিদের মিলন মেলায় পরিণত হয়েছে।

পোল্ট্রি ফিডের খাবারের কাঁচামাল আমদানীকারক প্রতিষ্ঠান কেডার বিডি লিমিটেডের ডেপুটি ম্যানেজার (সেলস) আলতাফ হোসেন বলেন, “আমরা চাই উন্নত ও মানসম্মত ফিড প্রি-মিক্স খামারিদের হাতে তুলে দিতে।”

একই স্টলে ফিড প্রি-মিক্সের চার্টের ছবি ফোনে তুলছিলেন গাজীপুরের খামারি আরেফিন রহমান।

তিনি বলেন, “আমার খামারে ১৫০-২০০ মুরগী আছে, মুরগীকে কী অনুপাতে, কোন ফিড দেব তা জানতে মেলায় এসেছি।”

ওষুধ কোম্পানি ফার্মা অ্যান্ড ফার্মের ম্যানেজার খালেক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগে পোল্ট্রি ফিডের ভ্যাকসিন ও মেডিসিন আমদানি করতাম, এখন এসব ওষুধ দেশে তৈরি করছি।”

“মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন প্রযুক্তি দেখার সুযোগ মিলছে, যা আমাদের ব্যবসায় সহায়তা করবে,” বলেন তাজরাত অ্যানিমেল কেয়ার লিমিটেডের প্রতিনিধি সিদ্দিকুর রহমান।

প্রদর্শনীতে ১৯৫টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও প্রযুক্তি নিয়ে অংশ নিচ্ছে। স্টল থাকছে ৪৯০টি। এ ছাড়া পোল্ট্রি শোতে বিশ্বের ২০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশে ১৯৯৯ সাল থেকে প্রতি দুই বছর পর আন্তর্জাতিক পোল্ট্রি শোয়ের আয়োজন করা হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত শো উন্মুক্ত থাকবে।