২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে পণ্যজটে বেনাপোল বন্দর

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর বেনাপোল বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এলেও অভূতপূর্ব পণ্যজটে ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 11:26 AM

Updated : 11 Oct 2022, 01:33 PM

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন জানান, পরিবহন ধর্মঘটের সময় আমদানি-রপ্তানি হলেও পণ্য খালাস না হওয়ায় আমদানিপণ্যের জটলা স্মরণকালের রেকর্ড ছাড়িয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বন্দরটিতে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৩০০ ভারতীয় ট্রাক পণ্য নিয়ে আসে। আর বাংলাদেশি প্রায় সাড়ে ৪০০ ট্রাক এসব পণ্য নিয়ে যায় দেশের বিভিন্ন জেলায়।

“গত রোববার থেকে চার দিনের পরিবহন ধর্মঘটের কারণে দেশের কোনো ট্রাক বন্দর ছেড়ে না যাওয়ায় এই জটলা সৃষ্টি হয়। জটলামুক্ত হতে যে পরিমাণ সময় লাগতে পারে তাতে বিপুল ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।”

এ কারণে রাজস্ব ঘাটতিও দেখা দিয়েছে।

বেনাপোল শুল্কভবনের সহকারী কমিশনার আলি রেজা হায়দার বলেন, এ বন্দরে দৈনিক গড়ে সাড়ে ৯ কোটি টাকার রাজস্ব আয় হয়। পরিবহন ধর্মঘটের সময় আমদানিকারকরা পণ্য খালাস না করায় রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে।

তবে ক্ষতি পুষিয়ে নিতে শুল্ক বিভাগের সব কর্মকর্তাকে শুল্কায়নের কাজ অতিরিক্ত সময় পর্যন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বন্দরটির উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, বেনাপোল বন্দরের পণ্য ধারণক্ষমতা ৩৮ হাজার মেট্রিক টন। ধর্মঘটে পণ্য খালাস না হওয়ায় ৬০ হাজার মেট্রিকটন পণ্য জমা হয়েছে। বন্দরের দুটি টার্মিনালে আমদানিকৃত পণ্যবাহী ১১৫৬টি ভারতীয় ট্রাক রাখার ব্যবস্থা থাকলেও বর্তমান রয়েছে প্রায় ২০০০ ট্রাক।

ভারতের ঝাড়খন্দ থেকে পণ্য নিয়ে এসেছেন লরিচালক আফজাল হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আট দিন আগে ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে ঢুকেছি। গুদামে জায়গা না পাওয়ায় মাল খালাস হয়নি।”

বিহারের লরিচালক মুহাম্মাদ ইসলামও এক সপ্তাহ আগে পণ্য নিয়ে বেনাপোল এসেছেন।

পশ্চিম বাংলার নিমাই বিশ্বাস বেনাপোল এসেছেন পাঁচ দিন আগে। এ রকম ভারতীয় শত শত ট্রাক দিনের পর দিন অপেক্ষা করছে বন্দর এলাকায়।

পণ্য খালাস না হলেও বন্দরে অবস্থানে জন্য মাশুল গুনতে হচ্ছে তাদের।

বেনাপোল বন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিলন বলেন, পণ্য খালাস নিতে না পারায় আমদানিকারকদের অতিরিক্ত শেডভাড়া দিতে হয়।

“পণ্যজট হলেও অতিরিক্ত ট্রাক নেই। এ কারণে গাড়ি ভাড়াও দ্বিগুণ হয়ে গেছে। এর দায় আমদানিকারককেই বহন করতে হয়। এসব কারণে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন রয়েছেন।”

বেনাপোল কাস্টমস অ্যান্ড ক্লিয়ারিং ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, বাংলাদেশ ভারত থেকে যেসব শিল্পপণ্য আমদানি করে তার ৯০ শতাংশ আসে বেনাপোল বন্দর দিয়ে।

“কলকাতা থেকে মাত্র আড়াই ঘণ্টায় পণ্য চলে আসে বেনাপোলে। এ কারণে আমদানিকারকরা এ বন্দর বেশি পছন্দ করেন। টানা চার দিনের পরিবহন ধর্মঘটে বাংলাদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে।”