‘এসডিজির বড় চ্যালেঞ্জ দক্ষ জনশক্তির অভাব’
দক্ষ জনশক্তির অভাবকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।
বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার ভবনে এক সেমিনারে তিনি বলেন, “লো কোয়ালিটি ইনিভার্সাল অ্যাডুকেশন হলো এসডিজি অর্জনে বড় একটা চ্যালেঞ্জ। তবে এই সেক্টরে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
“পদ্মাসেতুর মতো গুরুত্ব দিয়ে আগামী ৫ বছরে যদি এক হাজার মাধ্যমিক স্কুল করেন, তাহলে তা পদ্মা ব্রিজের চেয়ে বেশি উপকারে আসবে, যা বড় ধরণের প্রভাব ফেলবে।”
হোসেন জিল্লুর বলেন, “এখন দক্ষ জনশক্তি বাইরে থেকে আনতে হয়। ৪ থেকে ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স চলে যাচ্ছে বিদেশে। সরকার যদি মাধ্যমিক স্কুলের একটা ব্যাকবন তৈরি করে তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে। এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তো মাধ্যমিক থেকেই উঠে এসেছে। এগুলো করতে না পারলে এসডিজি কাগজেই থাকবে।”
‘স্ট্রাটেজিক ফর বিজনেস বেনিফিটস ফরম এসডিজি ফর দ্য প্রাইভেট সেক্টর’ শীর্ষক সেমিনারের সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।
তিনি বলেন, “প্রাইভেট সেক্টরকে বাদ দিয়ে কখনও এসডিজি বাস্তবায়ন করা সম্ভব নয়। কেননা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে প্রাইভেট সেক্টর। প্রাইভেট-পাবলিক সেক্টর মিলেই এসডিজি বাস্তবায়ন করতে হবে।”
সেমিনারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, “আজ বাংলাদেশের কি অবস্থা তা হয়তো বর্তমান পরিবহন ধর্মঘট দেখলেই বুঝতে পারবেন। কোথাও এখন আইনের শাসন নেই। আমরা আমলা বাড়াচ্ছি, আমলাতান্ত্রিকতা বাড়াচ্ছি। অথচ জনগণের অধিকার দিচ্ছি না।”
সেমিনারে মুক্ত আলোচনায় অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, “এসডিজি অর্জনে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ এখন এনার্জি। তাই বেসরকারি খাত এখানে কিভাবে বিনিয়োগ করতে পারে তা দেখতে হবে।”
ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খানের সভাপতিত্বে সেমিনারে ডিসিসিআইয়ের অন্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
