উপবৃত্তির টাকা যাবে রূপালীর শিওরক্যাশে
রাষ্ট্রায়ত্ত মোবাইল ব্যাংকিং সেবা শিওরক্যাশের মাধ্যমে বাংলাদেশের ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক শিক্ষা উপবৃত্তির টাকা বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১১টায় গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে সুবিধাভোগী শিক্ষার্থীদের এক কোটি মায়ের একাউন্টে উপবৃত্তির টাকা বিতরণ শুরু করেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সুবিধাভোগী মায়েদের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী উপবৃত্তির অর্থ বিতরণ করেন।
প্রধানমন্ত্রী এ সময় বলেন, “রূপালী ব্যাংক শিওরক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বিতরণ কার্যক্রম চালুর মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। মোবাইল ব্যাংকিং এই ডিজিটাল পদ্ধতি চালু করার কারণে উপবৃত্তি ব্যবস্থাপনা আরও সহজ, দক্ষ ও স্বচ্ছ হবে।”
