২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাকর্ডের বিরুদ্ধে ‘অন্যায়ভাবে’ কারখানা বন্ধ করানোর অভিযোগ

বাংলাদেশে পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নত করতে কাজ করা আন্তর্জাতিক ক্রেতা গোষ্ঠীর জোট অ্যাকর্ডের বিরুদ্ধে ‘অযৌক্তিকভাবে’ একটি কারখানা বন্ধের অভিযোগ করেছেন মালিক।

ফয়সাল আতিক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 03:02 AM

Updated : 11 Oct 2022, 01:33 PM

লিবার্টি ফ্যাশন ওয়্যার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ঢাকায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, পাকিস্তানি কোম্পানি মেডওয়ে কনসালটেন্সি সার্ভিসের ‘ভুল’ প্রতিবেদনের ভিত্তিতে ক্রেতা সংগঠন টেসকোর পরামর্শে অ্যাকর্ড ও ব্রিটিশ হাই কমিশন ‘অযৌক্তিকভাবে’ তার কারখানা বন্ধ করিয়েছে।

“আইএলও, বিজিএমইএ, বুয়েটসহ অন্যান্য পরিদর্শক সংস্থার নিরীক্ষায় ভবনটি ঝুঁকিমুক্ত বলা হলেও অ্যাকর্ড সেটা শুনতে চায়নি। তারা আগে ভুল প্রতিবেদনের ওপর কারখানা বন্ধের নির্দেশ দিয়ে এর ওপর অটল রয়েছে। এটা তাদের ভদ্রবেশী ঔদ্ধত্য ছাড়া আর কিছুই নয়।”

শতভাগ রপ্তানিমুখী লিবার্টি ফ্যাশন টেসকো ছাড়াও গোবিনা, প্রাইমার্ক, কেমার্ট, টার্গেট, নেক্সট হেমা, কেএইচকিউ, কেয়ারিফোর, ডেভেনহেমসসহ আরও কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করছিল। ২০১২ সালে ১২টি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান তাদের সঙ্গে যুক্ত ছিল।

কারখানা কর্তৃপক্ষ জানায়, সাভারের আশুলিয়ায় ৬ দশমিক ৬১ একর জমির উপর নির্মিত কয়েকটি কারখানা ভবনের মধ্যে একটি ভবনের ত্রুটি ধরে পুরো প্রতিষ্ঠান বন্ধ করতে বলে অ্যাকর্ড। 

রানা প্লাজা দুর্ঘটনার পর আন্তর্জাতিক ক্রেতাদের ৪৫টি ব্রান্ড নিয়ে ২০১৩ সালের ১৩ মে অ্যাকর্ড গঠিত হয়। আগুন ও ভবন নিরাপত্তা নিয়ে চলতি ২০১৭ সাল পর্যন্ত কাজ করবে তারা।

২০১৩ সালের ১৮ মে টেসকো কনসালটেন্সি ফার্ম মেডওয়ে কনসালটেন্সি সার্ভিস বা এমসিএসকে কারখানা পরিদর্শনের দায়িত্ব দেয় জানিয়ে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তারা মাটি, বিম, কলাম, স্ল্যাব ইত্যাদি পরীক্ষা না করে শুধু চোখের দেখার ওপর ভিত্তি করে কারখানার একটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এর অতিরঞ্জিত চিত্র এঁকে অন্যান্য ক্রেতাদের কাছে ছড়িয়ে দেয় এবং লিবার্টি থেকে পোশাক কিনতে সব ক্রেতাকে নিষেধ করে।

পরে শ্রম মন্ত্রণালয়ের সচিব, পিডব্লিউডি, বুয়েট, ফায়ার সার্ভিস ও রাজউকের প্রতিনিধিরা ওই ভবন পরিদর্শন করে তা ঝুঁকিমুক্ত ঘোষণা করে।

মোজাম্মেল অভিযোগ করেন, টেসকো ও প্রাইমার্কের লোকজন বিজিএমইএকে এই কারখানা বন্ধের জন্য চাপ দেয়। বিজিএমইএর তৎকালীন সভাপতি আতিকুল ইসলাম ও সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম কারখানাটি ঝুঁকিমুক্ত জানালেও বায়ারদের মন গলেনি। ‘ব্রিটিশ হাই কমিশনের মাধ্যমে’ চাপ সৃষ্টি করে তারা।

বিজিএমইএ ও বুয়েটের পৃথক পর্যবেক্ষণে সাতটি পরীক্ষার মাধ্যমে কারখানা ভবনটি ঝুঁকিমুক্ত প্রমাণিত হয় বলেও দাবি করেন তিনি।

২০১৫ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর একটি প্রতিনিধি দল ভবনটি পরিদর্শন করে ২৬ অগাস্ট প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনেও ভবনটি নিরাপদ বলে উল্লেখ করা হয় বলে জানান মোজাম্মেল।

লিবার্টি ফ্যাশনসের অভিযোগের বিষয়ে জানালে তা সরাসরি নাকচ করেন অ্যাকর্ডের নির্বাহী পরিচালক ও প্রধান নিরাপত্তা পরিদর্শক রব ওয়েসি।

বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে তিনি বলেন, অ্যাকর্ড লিবার্টি ফ্যাশনসের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিবার্টি ফ্যাশনসের সঙ্গে যা করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। সব পক্ষের উচিত আলোচনা করে অচলাবস্থার নিরসন করা।

“ক্রেতা ও উৎপাদনকারীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেলে সেখানে বাইরের লোকজনের কিছু করার নেই। ব্যবসা হলো পারস্পরিক সম্পর্কের বিষয়। তারা নিজেরা চেষ্টা চালিয়ে সম্পর্কের উন্নয়ন করবে এমনটাই আশা করি।”