গাবতলীতে ‘নিরাপত্তা’ চাইলেন মাংস ব্যবসায়ীরা
আন্দোলনে নামায় গাবতলীতে ‘নিরাপত্তাহীনতা বেড়েছে’ জানিয়ে সেখানে নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে সমিতির একাধিক নেতা তাদের এই নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলে ধরেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন এ বৈঠকে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঢাকার বাইরে থাকায় তিনি এ বৈঠকে ছিলেন না।
দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গেও বসবেন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা। বৈঠকের ফালাফল জানাতে বিকালে তাদের সংবাদ সম্মেলনে আসার কথা রয়েছে।
গাবতলী গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে অপসারণসহ চার দফা দাবিতে গত সোম থেকে শনিবার ধর্মঘট করেন ঢাকার মাংস বিক্রেতারা।
ধর্মঘটে ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে মাংসের দোকানগুলো বন্ধ থাকায় রাজধানীতে গরু ও খাশির মাংসের সংকট তৈরি হয়; দাম বেড়ে যায় মুরগীর।
ধর্মঘট চলার মধ্যেই শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আলোচনার ডাক পাওয়ায় শনিবারের পর নতুন কোনো কর্মসূচি আপাতত তারা দিচ্ছেন না। তবে দাবি পূরণ না হলে এরপর ধর্মঘট হবে সারা দেশে।
রোববার বেলা ১১টা থেকে থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মাংস ব্যবসায়ীদের নেতৃত্ব দেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।
তিনি বলেন, “মন্ত্রী ভোলায়, তার সঙ্গে দেখা হল না। আমরা মন্ত্রীর জন্য অপেক্ষা করব। আর আজ বিকালে বৈঠকের ফল এবং আমাদের পরবর্তী অবস্থান জানাতে গাবতলী গরুর হাটে আমাদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করতে চাই।
“সেখানে যেন সঠিকভাবে সংবাদ সম্মেলন করতে পারি, আমাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়।”
নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিকে অতিরিক্ত বাণিজ্য সচিব মুন্সী সফিউল হকও অনুরোধ করেন।
জবাবে উপসচিব আমিনুল ইসলাম জানান, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে।
নিরাপত্তার আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে রবিউল বলেন, “আমরা সেখানে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার আশঙ্কা করছি। সেখানে মইজা বাহিনী আমাদের উপর আক্রমণ করতে অপেক্ষা করছে বলে আমরা খবর পেয়েছি।”
সরকারের পক্ষ থেকে ‘চাঁদাবাজি, সন্ত্রাস ও সকল অবৈধ কাজ’ বন্ধের পদক্ষেপ নেওয়া হবে বলে বৈঠকে মাংস ব্যবসায়ীদের আশ্বস্ত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। জবাবে ব্যবসায়ীরাও নতুন কোনো কর্মসূচিতে না যাওয়ার ইংগিত দেন।
পাশাপাশি ‘বাধ্য হয়ে’ তাদের করা ধর্মঘটের কারণে ছয় দিন বাজারে মাংস পাওয়া না যাওয়ায় দেশের সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন সমিতির নেতা রবিউল।
মাংসের দাম কম রাখতে অতিরিক্ত বাণিজ্য সচিবের পক্ষ থেকে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হলে ব্যবসায়ীরা তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি কার্যকরি সভাপতি কাজী আনোয়ার হোসেন বলেন, তার নিজেরও ১২ লাখ টাকা ‘লস’ হয়েছে। অধিকাংশ মাংস ব্যবসায়ীর পুঁজি এভাবে ‘শেষ হয়ে গেছে’। কারওয়ান বাজারের এক দোকানদারের ৬৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
মাংস ব্যবসায়ীদের অভিযোগ, গরু ভারতীয় সীমান্ত পার করতে তাদের ১৫-২০ হাজার টাকা লাগে। সীমান্ত থেকে গাবতলী পৌঁছতে একটি গরুতে যায় আরও ২০-৩০ হাজার টাকা। দেশে ‘ইজারাদার, চামড়া ব্যবসায়ী, হুন্ডি ব্যবসায়ী, ঢাকা উত্তর সিটির কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে’ তারা ৫০০ টাকা কেজি দামে মাংস বিক্রি করতে বাধ্য হন।
ট্যানারি মালিকদের ‘সিন্ডিকেটের কারণে’ চামড়ার দাম কমে যাওয়া নিয়েও ক্ষোভ রয়েছে মাংস ব্যবসায়ী সমিতি।
তাদের দাবিগুলো হল- গাবতলী গরুর হাটের ইজারা বাতিল, হুন্ডি ব্যবসায়ী ‘কালা মইজাকে’ বিচারের আওতায় আনা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘দুর্নীতিবাজ’ প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনা, ট্যানারি শিল্প মালিকদের দুই ভাগে ভাগ করে সফল ব্যবসায়ীদের সহযোগিতা এবং ব্যর্থ মালিকদের কারখানা বন্ধ করা।
পাশাপাশি বৈধপথে নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে গরু আমদানি করারও দাবি রয়েছে তাদের।
ছয় দিনের ধর্মঘট শেষে রোববার মিটলেস ডে হলেও ঢাকার বাজারগুলোতে মাংস বিক্রি করেছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রবিউল বলেন, “বিশেষ পরিস্থিতির কারণে অনেকসময় তো শুক্রবারও অফিস চালাতে হয়।”
অন্যদের মধ্যে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. গোলাম মর্তুজাও বৈঠকে উপস্থিত ছিলেন।
