পানগাঁওয়ে ভারতের প্রথম কন্টেইনারবাহী জাহাজ
কোস্টাল শিপিং অ্যাগ্রিমেন্টের আওতায় অভ্যন্তরীণ নৌবন্দর ব্যবহার করে ভারত-বাংলাদেশ কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
ভারতের কন্টেইনারবাহী জাহাজ সোনারতরী নৌকল্যাণ-১ কলকাতা থেকে ৬৫টি কনটেইনার নিয়ে শুক্রবার ঢাকার পানগাঁও নৌবন্দরে পৌঁছায়।
সোনারতরী থেকে মাল খালাস উপলক্ষে শুক্রবার বন্দরে এক অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নৌখাত ক্রমাগত এগিয়ে যাচ্ছে। এখন থেকে ১৫ দিন পরপর কন্টেইনারবাহী জাহাজ পানগাঁও পৌঁছাবে এবং এখান থেকে ভারতের উদ্দেশে ছেড়ে যাবে।
পানগাঁও আন্তর্জাতিক বন্দর না হলেও ভারতের সঙ্গে কোস্টাল শিপিং অ্যাগ্রিমেন্টের আওতায় এর সঙ্গে ভারতের সরাসরি নৌ যোগাযোগ শুরু হল। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে নৌপথে দু্ই দেশের কন্টেইনার পরিবহন চুক্তি সই হয়।
নৌপরিবহনমন্ত্রী বলেন, “এই যোগাযোগ আরও এগিয়ে নিতে নৌ মন্ত্রণালয় ইতোমধ্যেই ৩৬টি জাহাজ সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে, যার কাজ প্রায় শেষের দিকে।”
