মোবাইল অ্যাপ ‘মায়া আপা’য় বিনিয়োগ ব্র্যাকের
প্রযুক্তির মাধ্যমে আরও বেশি মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে বিশেষজ্ঞদের মতামত পৌঁছে দিতে অ্যান্ড্রেয়েডভিত্তিক মোবাইল অ্যাপ ‘মায়া আপা’য় চার কোটি টাকা বিনিয়োগ করল ব্র্যাক।
বুধবার হোটেল লা-ভিঞ্চিতে ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা এবং মায়া’র প্রতিষ্ঠাতা আইভি এইচ রাসেল এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, “এ সরকার প্রযুক্তিবান্ধব সরকার। আমার প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক ছড়িয়ে দিতে চাই।
“এ অ্যাপের মাধ্যমে কিভাবে সেবা নেওয়া যায় সে ব্যাপারে আরও প্রচারের ব্যবস্থা নিতে হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও এ সেবা পেতে পারে ।”
মানুষের কল্যাণ্যে এ অ্যাপ সেবায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা বলেন, “এ চুক্তি অনুযায়ী চার কোটি টাকা বিনিয়োগ করা হবে। আমাদের উদ্দেশ্য অধিক সংখ্যক মানুষের কাছে উন্নতমানের সেবা পৌছে দেওয়া। তথ্যপ্রযুক্তির সঙ্গে এই কার্যক্রমকে সম্পৃক্ত করে এই সেবা আমরা আরও বেশি দ্রুততর উপায়ে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”
ব্র্যাকের আরবান ডেভলপমেন্ট কর্মসূচির একটি পাইলট প্রকল্পে এই অ্যাপের মাধ্যমে গার্মেন্টের ৫০ হাজার নারী শ্রমিককে সেবা দেওয়া হবে বলেও জানান মুসা।
মায়া’র প্রতিষ্ঠাতা আইভি এইচ রাসেল বলেন, ২০১৫ সালে ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই অ্যাপে প্রায় দেড় লাখ প্রশ্ন করা হয়েছে। বর্তমানে প্রতিদিন ১০ হাজারেরও বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করছে।
https://goo.gl/LTW2OA লিংকটি ডাউনলোড করে যে কেউ এই সেবা নিতে পারবেন।
মায়া আপা হচ্ছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাওয়ার এমন একটি ব্যবস্থা, যেখানে যে কেউ নিজেদের নাম-পরিচয় গোপন রেখে প্রশ্ন করতে পারেন ২৪ ঘণ্টা। এর মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্তসহ বিভিন্ন মনো-সামাজিক এবং আইনি সমস্যা সমাধান পাওয়া যায়।
কেউ প্রশ্ন পাঠালে সঙ্গে সঙ্গে তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ প্রোফাইলে চলে যায় এবং সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যে তারা এর জবাব দেন।
ইতিমধ্যে মোবাইল ফোন অপারেটরের রবি’র সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ‘মায়া আপা প্লাস’ নামে একটি সার্ভিস চালু করা হয়েছে, যার মাধ্যমে ১০ মিনিটরে মধ্যেই প্রশ্নের জবাব পাবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে ব্র্যাকের স্ট্রাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড এমপাওয়ারমেন্টের ঊর্ধ্বতন পরিচালক আসিফ সাহেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
