পোশাক শিল্পে দীর্ঘমেয়াদি ঋণ দেবে প্রাইম ব্যাংক
পোশাক শিল্পের সংস্কার ও পুনর্গঠন প্রকল্পে গ্রাহকদের দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেড।
এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তিও করা হয়েছে বলে মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এই চুক্তির ফলে প্রাইম ব্যাংক তার সম্ভাব্য গ্রাহকদের দীর্ঘমেয়াদি বিনিয়োগে তৈরি পোশাক শিল্পের কারখানা ভবনের সংস্কার, পুনর্গঠন, পুনর্নিমাণ ও অগ্নিনিরাপত্তায় ঋণ সুবিধা দিতে পারবে।
সোমবার জাইকার অর্থায়নে-আরবান বিল্ডিং সেফটি প্রজেক্টের আওতায় তৈরি পোশাক খাতে দীর্ঘমেয়াদি তহবিল ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ওই চুক্তি স্বাক্ষর হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের উপস্থিতিতে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের জেনারেল ম্যানেজার স্বপন কুমার রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, প্রাইম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
