২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরু-খাসির মাংসশূন‌্য বাজারে দাম বেড়েছে মুরগির

রাজধানীতে মাংস বিক্রেতারা ধর্মঘটে যাওয়ার পর গরু ও খাসির মাংস কিনতে গিয়ে বিফল মানুষদের মুরগির বাজারে গিয়ে অতিরিক্ত দাম গুণতে হচ্ছে।

ওবায়দুর মাসুম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 06:26 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

পুরনো খবর:

ধর্মঘটে দোকানে মাংস নেই, ভিড় সুপারশপে

মঙ্গলবার যাত্রাবাড়ী, কাপ্তানবাজার, ফকিরাপুল বাজারে গিয়ে এই চিত্র দেখা গেছে। তিনটি বাজারেই গরু ও খাসির মাংসের দোকানগুলো দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল।  

মুরগির দামের আকস্মিক বৃদ্ধিতে ক্রেতারা ক্ষোভ জানিয়েছেন। অন‌্যদিকে খুচরা বিক্রেতারা পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়াকে কারণ দেখিয়েছেন।

যাত্রাবাড়ী কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগিরর মাংসের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।

সোমবার এ বাজারে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৪০ টাকা। এক দিনের ব‌্যবধানে তা বিক্রি হচ্ছিল ১৫৫ থেকে ১৬০ টাকায়। ৫ থেকে ১০ টাকা বেড়েছে লেয়ার, পাকিস্তানি কক এবং দেশি মুরগিরর দামও।

যাত্রাবাড়ী কাঁচাবাজারে মাংস কিনতে আসা বিসমিল্লাহ হোটেলের ব্যবস্থাপক সুমন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরুর মাংস না থাকায় মুরগি বেশি কিনতে হচ্ছে তার। কিন্তু তার দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তিনি।

“আমরা তো রেগুলার কাস্টমার, তাই ১০ টাকা বেশি রাখছে। অন্যদের কাছে আরও বেশি দাম রাহে,” বলেন সুমন।

কেন দাম বাড়ল- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় যাত্রাবাড়ী কাঁচাবাজারের ব্যবসায়ী আজিজুল হক পাইকারি বাজারে দাম বেশি হয়ে যাওয়াকে কারণ দেখিয়েছেন।

“দাম বাড়ানো কমানোতে আমাগো হাত নাই। গতকাইল কাপ্তান বাজার থেইকা প্রতি কেজি ১০ টাকা কইরা বেশি পড়ছে। হেই কারণে আমরাও বাধ্য হইয়া দাম বেশি রাকতাছি।”

তার কথার সত‌্যতা মেলে রাজধানীতে মুরগির বড় আড়ত কাপ্তান বাজারে গিয়ে। পাইকাররা বলছেন, গরুর মাংস বিক্রি বন্ধ থাকায় চাহিদা বেড়েছে মুরগির। তাছাড়া বিয়ের মৌসুম চলায় তার প্রভাবও পড়েছে।

বৃহস্পতিবার ছোট বোনের বিয়ে উপলক্ষে ২৫০টি ‘পাকিস্তানি মুরগি’ কিনেছেন নাজিমুদ্দিন রোডের বাসিন্দা ফারুক আহমেদ। অন্য সময়ের চেয়ে তাকে বেশি দাম দিতে হয়েছে।

ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরুর মাংস না থাকায় অনুষ্ঠানে শুধু মুরগি খাওয়াচ্ছেন তিনি।

“মুরগীর দাম তো প্রতি পিসে ১০ টাকা বেড়ে গেছে। উপায় না থাকায় কিনতেই হলো। গরুর মাংসের পরিবর্তে মুরগির রোস্ট, রেজালা, টিকিয়া করবো।”

কাপ্তানবাজারের পাইকারি বিক্রেতা নজরুল ইসলাম জানান, দেশি মুরগির দামও বেড়েছে।

“কাইলকা আমি প্রতি পিস বিক্রি করছি ৩০০-৩৫০ ট্যাকা। আইজকাও একই দাম। আগে প্রতি পিসে ১০-২০ ট্যাকা দাম কম আছিল।”

“এই মৌসুমে দাম একটু বাড়ে,” যুক্তি দেখান এই পাইকারি বিক্রেতা।

মুরগির উৎপাদক মেহরিন পল্লী ফার্মের মালিক মো. শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুরগির দামের এই বৃদ্ধি মাংস ব‌্যবসায়ীদের ধর্মঘটের কারণে নয়।

“মুরগির মাংস হইলো কাঁচামাল। এইটার দাম আটকাইয়া রাইখা বাড়ান যায় না। এইটার দাম দৈনিক আপ-ডাউন করে।”

পাইকারি বাজারে হঠাৎ মুরগির দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে কাপ্তান বাজার শেরেবাংলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু আহমেদ মান্নাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাম বাড়ানোর বিষয়ে কেউ অভিযোগ করেনি।

“এইভাবে সুযোগ বুঝে দাম বাড়ানো অনৈতিক। কালকে আমাদের একটা মিটিং আছে। সেখানে বিষয়টা নিয়ে কথা বলবো। এটা মনিটর করা হবে।”

এদিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কয়েকজন খামার মালিকের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, গত এক মাস ধরে মুরগির দাম অপরিবর্তিত আছে।

শ্রীপুরের নিশ্চিন্তপুর গ্রামের খামারি আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রোববারও ১২০ টাকা দরে মুরগি বিক্রি করেছেন তিনি।

ফকিরাপুল কাঁচাবাজারেও মুরগির দাম প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি দেখা যায়।

তবে এ বাজারের ব্যবসায়ী নেয়ামত উল্লাহ দাবি করেন, মুরগির দাম বাড়েনি। বরং ক্রেতা কমে গেছে।

“যারা বাজারে গরুর মাংস কিনতে আসে, তারাই সঙ্গে মুরগির মাংসও কিন্যা নিয়া যায়। গরুর মাংস নাই বইলা কাস্টমারও নাই। মুরগির মাংসের বিক্রি কইমা গ্যাছে।”

তবে রাজধানীর বিভিন্ন ছোট বাজারে গিয়ে তার কথার সত‌্যতা মেলেনি। কয়েকটি বাজারে সকাল ১০টায় গিয়ে কোনো কেনার জন‌্য মুরগি পাওয়া যায়নি।

অধিকাংশ বাজারে মুরগির চড়া দাম চড়লেও হাতিরপুল বাজারে তা বাড়েনি। এ মার্কেটে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল ১৫৫ টাকা কেজি দরে।

মঙ্গলবার দুপুরে ওই বাজার থেকে মুরগীর মাংস কিনছিলেন হাতিরপুল পুকুরপাড় এলাকার বাসিন্দা আলী আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগেই ১৫৫ কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি হত। আজও এই দামেই কিনলাম।”

গত কয়েকদিন ধরে এ দামেই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন মায়ের দোয়া পোল্ট্রি হাউজের বিক্রয়কর্মী মোহাম্মদ শরীফ। “আমাদের এই মার্কেটে আগে থেকেই এ দামে বেচি। গত তিন-চার দিন দাম বাড়ে নাই। তয় কাপ্তান বাজারে মুরগির দাম বাইড়া গ্যাছে। তাইলে আমাগোরেও দাম বাড়ান লাগবো।”

গাবতলী গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, চাঁদাবাজি বন্ধসহ ৪ দফা দাবিতে সোমবার থেকে মাংস বিক্রেতাদের ধর্মঘট চলছে রাজধানীজুড়ে। আগামী শনিবার পর্যন্ত এ ধর্মঘট চলবে।

রাজধানীর ১৮২টি কাঁচাবাজারে প্রায় ৫ হাজার মাংসের দোকান রয়েছে, যার প্রায় সবই এখন বন্ধ।