২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকের ‘কৌশলগত পরিকল্পনা’ কর্মশালা

বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপগুলোর সার্বিক মূল্যায়ন এবং ভবিষ্যতে কাজের উপর কৌশলগত পরিকল্পনা-২০১৭ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 08:12 PM

Updated : 11 Apr 2022, 11:00 PM

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে এই কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুইদিনের কর্মশালার মূল আয়োজনে ব্যাংকিং খাতে সুপারিভিশন ও রেগুলেশন কার্যক্রম, প্রতিষ্ঠান ও মানব সম্পদ ব্যবস্থাপনা, আর্থিক অন্তর্ভূক্তি সংক্রান্ত নীতিমালার অগ্রাধিকার, সাইবার সিকিউরিটি ও আইটি রক্ষণাবেক্ষণ এবং পেমেন্ট সিস্টেমস শক্তিশালীকরণ বিষয়ে প্যানেল আলোচনা হয়েছে।

আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্বে এসব বিষয় সম্পর্কে উদ্ভূত নানা প্রশ্নের উত্তর দেওয়াসহ নানা বিষয়ে করণীয় পদক্ষেপ চিহ্নিতকরণ ও পরিকল্পনা গ্রহণ নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালা উদ্বোধন করে ব্যাংকের গভর্নর ফজলে কবির বাংলাদেশ ব্যাংককে দেশের অর্থনীতির উন্নয়নের অগ্রদূত হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে সামনের দিনগুলোর জন্য উপযুক্ত কর্মপরিকল্পনা প্রণয়ণের উপর গুরুত্বারোপ করেন ।

এতে পিপিআরসির নির্বাহী সভাপতি হোসেন জিল্লুর রহমান বাংলাদেশ ব্যাংক সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন; আর সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করেন নাজ আহমেদ।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সব নির্বাহী পরিচালক, বিভাগের মহাব্যবস্থাপক ও দশটি অফিসের মহাব্যবস্থাপকরা অংশ নেন।

এ সময় অন্যদের মধ্যে নিয়ন্ত্রক ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।