২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্দান্ত লেখকের সন্ধানে ‘ওয়াও রাইটার্স’

নিজেদের লেখার ক্ষমতাকে সবার সামনে তুলে ধরতে ইচ্ছুকদের জন্য গ্রামীণফোনের লাইফস্টাইল অ্যাপ ওয়াওবক্স নিয়ে এল ‘ওয়াও রাইটার্স’ শীর্ষক বিশেষ প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 07:39 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

বৃহস্পতিবার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অংশগ্রহণকারীদের জমা পড়া লেখা থেকে সেরা তিনটি লেখা নির্বাচন করবে বিচারক প্যানেল।

নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হবে ওয়াওবক্স অ্যাপে। সেরা তিন লেখকের সুযোগ হবে নিজেদের লেখা ওয়াওবক্স অ্যাপের ৬৫ লাখ ব্যবহারকারীর কাছে তুলে ধরার।

প্রতিযোগিতায় বিচারক প্যানেলে থাকছেন চিত্রনাট্য রচয়িতা, ঔপন্যাসিক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক এবং সাংবাদিক এলিটা করিম। বিচারকদের দেওয়া নম্বর এবং ব্যবহারকারীদের ভোটে জয়ী তিন লেখক পুরস্কার হিসেবে পাবেন একটি করে নতুন ল্যাপটপ।

আগ্রহী লেখকরা এ মাসের ১২ তারিখের মধ্যে লেখা (বাংলা বা ইংরেজী) জমা দিতে পারবেন। ২০০ থেকে ৫০০ শব্দের মধ্যে ফিকশন কিংবা নন-ফিকশন, দুই ধরনের লেখাই জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে আগ্রহী লেখকদের। অংশগ্রহণকারীরা ওয়াওবক্স অ্যাপের মাধ্যমে লিখে অথবা অ্যাপে ওয়ার্ড ডক ফাইল সংযুক্ত করে দিতে পারবেন।

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “প্রতিভাসম্পন্ন লেখকদের কাজগুলোকে বিশাল পরিসরে তুলে ধরার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়াই ‘ওয়াও রাইটার্স’-এর লক্ষ্য। এটা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের ক্ষেত্রে চমৎকার একটি সুযোগ।”    

গ্রামীণফোন গ্রাহকরা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ওয়াওবক্স অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।

গ্রামীণফোন গ্রাহকদের জন্য অ্যাপটিতে রয়েছে ডাটা প্যাক, ফ্রি মিউজিক, আকর্ষণীয় অফার, দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ, খেলার সংবাদ, আবহাওয়ার অবস্থা, লাইভ স্কোর এবং আপডেটসহ আরো অনেক ফিচার। অ্যাপটি জিরো-রেটেড অর্থাৎ এটি ব্যবহারে কোনো ডাটা খরচ হবে না বলে জানায় গ্রামীণফোন।