পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারাভিযানে স্যাভলন
যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস রোধে জনসচেতনতা বাড়াতে ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’ নামে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন হাতে নিয়েছে অ্যান্টিসেপটিক ব্র্যান্ড স্যাভলন।
বুধবার রাজধানীর তেজগাঁও বাণিজ্যিক এলাকায় এসিআই সেন্টারে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন এসিআই কনজ্যুমার’র নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর ও লেখক আনিসুল হক।
‘চলো গড়ি জীবাণুমুক্ত বাংলাদেশ’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার ঢাকায় শুরু হতে যাওয়া ক্যাম্পেইনটি মাস দুয়েক চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ঢাকা ও আশপাশের নাগরিকদের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হবে বলে জানান সৈয়দ আলমগীর।
তিনি বলেন, “আমরা চাই প্রতিটি মানুষ যেন তার আশপাশের রাস্তা-ঘাট, বাসাবাড়ি সর্বোপরি নিজেদের পারিপার্শ্বিক পরিবেশটাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখে।
“ময়লা-আবর্জনা ফেলতে ডাস্টবিনের কোনো বিকল্প নেই- এই মানসিকতাকে আমরা ক্যাম্পেইনে মাধ্যমে আরও বেশি উদ্বুদ্ধ করতে চাই।”
পরিষ্কার শহর ব্যক্তির শারীরিক পরিচ্ছন্নতার পাশাপাশি পরিচ্ছন্ন চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এই উদ্যোগের সঙ্গে ব্যক্তিগতভাবে জড়িত থাকবেন জানিয়ে আনিসুল হক সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “ঢাকা শহরের মতো নোংরা শহর পৃথিবীতে কোথাও নেই, সচেতন হলেই এর ৯০ শতাংশই দূর করা সম্ভব।”
অনুষ্ঠানে এসিআই-এর বিজনেস ডিরেক্টর কামরুল হাসান, সেলস বিভাগের জেনারেল ম্যানেজার জাকির হোসাইন ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
