২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ভাবনী সমাধান কর্মসংস্থানে আনবে বৈপ্লবিক পরিবর্তন: পলক

তথ্য প্রযুক্তিখাতে উদ্ভাবনীমূলক সমাধানের মধ্যে দিয়ে নতুন নতুন ব্যবসা সুযোগের পাশাপাশি তরুণদের কর্মসংস্থান তৈরিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 09:38 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিম্পেলকমের প্রধান নির্বাহী কর্মকর্তা জিন-এভস চার্লিয়ারের সঙ্গে বৈঠকে এ আশার কথা শোনান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “আইসিটি ডিভিশনের সাথে বাংলালিংক সর্বপ্রথম অংশীদারিত্বের ভিত্তিতে জনতা টাওয়ারে স্টার্ট-আপদের জন্য ইনকিউবিশন সেন্টার স্থাপন করা হয়েছে। আমরা চাই, এই সহযোগিতা অব্যাহত থাকুক।

“এজন্য আমরা আগামী পাঁচ বছরে প্রযুক্তি খাতে তরুণদের জন্য যে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, সরকারের সেবাগুলোকে ডিজিটাল প্লাটফর্মে আনতে চাই, সে সকল খাতে আইসিটি ডিভিশন বাংলালিংকের সাথে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।”

পলক বলেন, “আমরা আশা করছি উদ্ভাবনীমূলক সমাধান বাংলাদেশের ডিজিটাইজেশনের ক্ষেত্রে একটি আমূল পরিবর্তন নিয়ে আসবে এবং বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান তৈরিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে।”

বৈঠকের আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা চিন্তা করছি, ভিম্পেলকম বা বাংলালিংক যে বিজনেস মডেলগুলো নিয়ে তারা সারা বিশ্বে নিয়ে আসার চেষ্টা করছে, সেগুলো কীভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়।

“বাংলালিংক ডিজিটাল ব্যবসা নিয়ে নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং উদ্ভাবনীমূলক সমাধানের মধ্যে দিয়ে নতুন নতুন ব্যবসা সুযোগ বাংলাদেশ থেকে তৈরি করা যাবে বলে আশা করছি।”

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের উদ্যোগের প্রশংসা করে ভিম্পেলকমের প্রধান নির্বাহী কর্মকর্তা চার্লিয়ার বলেন, সরকারের ভিশন ও বাংলালিংকের ভিশন একই ধরনের। বাংলালিংক সরকারের যে কোনো ডিজিটাল এজেন্ডায় অংশ নিতে চায়।

প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন‌্য সাক্ষাতে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস, বাংলালিংকের সিনিয়র ডিরেক্টর অব জিআর অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স তৈমুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।