গ্রামীণফোনের সঙ্গে ক্রেডিট কার্ড আনলো স্ট্যান্ডার্ড চার্টার্ড
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে ক্রেডিট কার্ড চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
অপারেটরটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি গ্রামীণফোনের প্লাটিনাম প্লাস ও প্লাটিনাম স্টারের পোস্টপেইড গ্রাহকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যথাক্রমে সিগনেচার স্টার ও প্লাটিনাম স্টার ক্রেডিট কার্ড উন্মোচন করা হয়েছে।
গ্রামীণফোনের প্লাটিনাম প্লাস ও প্লাটিনাম স্টারের পোস্টপেইড গ্রাহকরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন ক্রেডিট কাডের্র মাধ্যমে উপভোগ করতে পারবেন অতিরিক্ত রিওয়ার্ড পয়েন্ট, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাইঞ্জে প্রবেশসহ বিশ্ব জুড়ে বিভিন্ন বিমানবন্দরের প্রায়োরিটি লাউঞ্জে প্রবেশের সুযোগ।
নতুন এ দুটি ক্রেডিট কার্ডধারীরা পাচ্ছেন দেশের বিলাসবহুল হোটেলগুলোতে একজনের মূল্য পরিশোধের মাধ্যমে দুইজনের বুফে খাওয়ার সুযোগ, অটো ডেবিট অপশন চালু করার মাধ্যমে আউটগোয়িং কল বন্ধ হয়ে যাওয়া থেকে বিরত থাকা এবং গ্রামীণফোন থেকে কোনো হ্যান্ডসেট ক্রয়ের ক্ষেত্রে আকর্ষণীয় বিভিন্ন ফিচার ও সুবিধা উপভোগের সুযোগ।
ক্রেডিট কাডর্টি উন্মোচনকালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ. আনোয়ার বলেন, “আমাদের গ্রাহকদের সবার থেকে ভিন্ন উপায়ে ক্রেডিট কার্ডের সর্বোত্তম ব্যবহার ও সুবিধা উপভোগ নিশ্চিত করার ব্যাপারে আমরা দৃঢ়-প্রতিজ্ঞ। ‘হিয়ার ফর গুড’ স্লোগানকে অর্থবহ করে তুলতে এবং ব্যাংকের ব্র্যান্ড ভ্যালু বজায় রাখতে আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রাহকদের জন্য নতুন সব সুবিধা যুক্ত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।”
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার বি ফারবার্গ বলেন, “গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে দুইটি প্রতিষ্ঠানই চমৎকার একটি পদক্ষেপ নিয়েছে। গ্রামীণফোন গ্রাহকদের জীবনে নতুনত্ব নিয়ে আসার ব্যাপারে বিশ্বাসী। এতে করে গ্রাহকরা জীবনে বহুদূর চলার পথে অভিনব সব অভিজ্ঞতা নেয়ার সুযোগ পাবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের রিটেইল ব্যাংকিং-এর প্রধান আদিত্য মান্ডলোই এবং গ্রামীণফোনের এর প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান।
