২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিডব্লিউ অ্যাপল ও আইআইজি ইন্টিগ্রেটেডের লাইসেন্স বাতিল

শর্ত ভঙ্গ করায় একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) এবং একটি ইন্টারন্যাশনাল গেইটওয়ে (আইজিডব্লিউ) প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 08:45 PM

Updated : 19 Aug 2022, 03:40 PM

রোববার বিটিআরসি লিগ্যাল এন্ড লাইসেসিং বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

আইজিডব্লিউ অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন লিমিটেড গত নভেম্বর থেকে এবং আইআইজি ইন্টিগ্রেটেডের বিজনেস সিসটেম অ্যান্ড সল্যুসন্স এর লাইসেন্স গত ডিসেম্বর থেকে বাতিল করা হয়েছে।

প্রতিষ্ঠান দুটির লাইসেন্স সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে বিটিআরসি এ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যে কোনো ধরনের টেলিযোগাযোগ চুক্তি সম্পাদনসহ সেবা গ্রহণ বা প্রদান বা টেলিযোগাযোগ সেবা গ্রহণ বা প্রদানের বিপরীতে আর্থিক লেনদেন না করতে অনুরোধ করেছে।

বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বার্ষিক লাইসেন্স ফি, বিলম্ব, আয় ভাগাভাগি ও সুদসহ অ্যাপল কমিউনেশনের কাছে বিটিআরসির ১২০ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে।

আইআইজি ইন্ট্রিগেটেড বিজনেস সিসটেম অ্যান্ড সল্যুসন্স বার্ষিক লাইসেন্স ফি এবং অন্যান্য ফি না দেওয়ায় বিটিআরসির খড়গে পড়েছে। 

বিদেশ থেকে আসা প্রতিটি কল দেশে ঢোকে আইজিডব্লিউর মাধ্যমে। তারপর আইসিএক্স এর মাধ্যমে তা সংশ্লিষ্ট অপারেটর বা এএনএসে পৌঁছায়। অপারেটর গ্রাহকের ফোনে কলটির সংযোগ দেয়।  

আইআইজি প্রতিষ্ঠানগুলো ব্যন্ডউইডথ নিয়ন্ত্রণ ও পাইকারি ব্যান্ডইউডথ আইএসপিদের কাছে বিক্রি করে এবং আইএসপিগুলো গ্রাহক পর্যায়ে এ সেবা দিয়ে থাকে।

অ্যাপল কমিউনেশনের লাইসেন্স বাতিলের পর বাংলাদেশে আইজিডব্লিউ প্রতিষ্ঠানের সংখ্যা বর্তমানে ২৪টি। আইআইজি প্রতিষ্ঠান চালু রয়েছে মোট ৩১টি।