২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজেন্টের বহরে নতুন উড়োজাহাজ

বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজের বহরে যুক্ত হয়েছে আরও একটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 06:08 PM

Updated : 11 Oct 2022, 01:25 PM

রোববার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিতা কেটে নতুন উড়োজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী।

এ সময় হাবিব গ্রুপের চেয়ারম্যান ইয়াকুব আলী, রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাসরুফ হাবিব, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জে. (অব) এম ফজলে আকবর, এনডিসি, পিএসসিসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন জাহাজ নিয়ে রিজেন্ট বহরে উড়োজাহাজের সংখ্যা ৬টিতে দাঁড়ালো। এর মধ্যে ৪টি বোয়িং এবং দুটি ড্যাশ। নতুন উড়োজাহাজটি দিয়ে আরও দুইটি রুট চালু করা হবে এবং তখন রিজেন্টের মাসিক ফ্লাইট সংখ্যা ৭০০ টিতে দাঁড়াবে।

১৬৭ আসনের এই উড়োজাহাজে ৮টি বিজনেস এবং ১৫৯টি ইকোনমি আসন রয়েছে।

রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাসরুফ হাবিব বলেন, “চলতি বছরে আন্তর্জাতিক গন্তব্যে সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে নতুন প্রজন্মের সবচেয়ে আধুনিক প্রযুক্তির এই উড়োজাহাজটি বহরে যুক্ত করা হয়েছে। এটি দিয়ে আগামী মাস থেকে কাতারের দোহা এবং সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।”

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম ফজলে আকবর জানান, চলতি বছরেই আরও ৩টি উড়োজাহাজ যুক্ত হবে রিজেন্ট বহরে।

“দুটি বোয়িং ৭৩৭-৮০০ এবং একটি বোয়িং ৭৭৭-২০০, যা দিয়ে আরও পাঁচটি নতুন আন্তর্জাতিক রুট পরিচালনা করা হবে। গন্তব্যেগুলো হচ্ছে, গোয়াংজু (চীন), জাকার্তা (ইন্দোনেশিয়া), কলম্বো (শ্রীলংকা), মালে (মালদ্বীপ) এবং জেদ্দা (সৌদি আরব)।

২০১০ সালের ১০ নভেম্বর দুটি ড্যাশ-৮ কিউ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করে রিজেন্ট এয়ারওয়েজ। ২০১৩ সালের ১৫ জুলাই ২টি বোয়িং ৭৩৭-৭০০ উড়োজাহাজ দিয়ে কুয়ালালামপুর রুটের মাধ্যমে আন্তর্জাতিক গন্তব্যে অভিষেক হয়। বর্তমানে আন্তর্জাতিক রুটে মাসকাট, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা, কাঠমান্ডু এবং অভ্যন্তরীণ রুটে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার চলছে রিজেন্ট এয়ারওয়েজ।