বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাটদাতা ওয়ালটন
এবারের ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্যমেলায় সর্বোচ্চ ভ্যাটদাতা ও প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ওয়ালটন।
আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের হাত থেকে পুরস্কার নেন।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় ওয়ালটন সর্বমোট ৩৬ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা ভ্যাট দিয়েছে।
একই ক্যাটাগরিতে র্যাং গস ইলেকট্রনিক্স দ্বিতীয় ও হাতিল ফার্নিচার তৃতীয় পুরস্কার লাভ করে।
গত বছরের বাণিজ্য মেলায় ওয়ালটন ১৭ লাখ ৫৭ হাজার ৭৮৪ টাকা ভ্যাট দিয়ে শ্রেষ্ঠ ভ্যাটদাতার স্বীকৃতি পেয়েছিল। এবার গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি ভ্যাট দেয় প্রতিষ্ঠানটি।
মেলায় সেরা প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
দ্বিতীয় পুরস্কার পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে আকতার ফার্নিচার, হাতিল ফার্নিচার ও আকিজ ফুড এন্ড বেভারেজ।
একই ক্যাটাগরীতে নাদিয়া ফার্নিচার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কোকোলা ফুড প্রডাক্টস পায় তৃতীয় পুরস্কার।
ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর বলেন, “বাণিজ্য মেলায় ভ্যাটের পুরস্কার প্রচলনের পর থেকে প্রতি বছরই শ্রেষ্ঠত্বের সম্মান পাচ্ছে ওয়ালটন। এই পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”
