মার্চে কুয়ালালামপুর, সিঙ্গাপুরে ইউএস-বাংলার ফ্লাইট শুরু
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং সিঙ্গাপুরে ফ্লাইট শুরু করতে যাচ্ছে।
রোববার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ মার্চ থেকে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট করে রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে কুয়ালালামপুরের স্থানীয় সময় রাত ২টায় পৌঁছাবে।
শনি ও রোববার ছাড়া প্রতিদিন রাত ৩টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবে।
এছাড়া আগামী ৯ মার্চ থেকে রোব, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার প্রতিদিন রাত ১১টায় ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং সিঙ্গাপুরে পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে।
ফিরতি পথে সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল ৬টা ১৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে; পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে।
ঢাকা থেকে কুয়ালালামপুরে নূন্যতম ভাড়া ওয়ানওয়ে ২০ হাজার ৪৯৯ টাকা এবং রিটার্ন ২৭ হাজার ৯৯৯ টাকা ঠিক করা হয়েছে। আর ঢাকা থেকে সিঙ্গাপুরের ভাড়া ওয়ানওয়ে ১৯ হাজার ৯৯৯ টাকা এবং রিটার্ন ৩১ হাজার ৯৯৯ টাকা।
এছাড়া শিগগিরই ইউএস-বাংলা এয়ারলাইন্স ব্যাংকক, গুয়াংজু, দোহাসহ অন্যান্য গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০১৪ সালের ১৭ জুলাই দুইটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করার পর বর্তমানে তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট এবং দুইটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটসহ মোট পাঁচটি এয়ারক্রাফট রয়েছে ইউএস-বাংলার বহরে।
চলতি মাসের ২৪ তারিখে আরও একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে। এছাড়া অগাস্টের মধ্যে চতুর্থ বোয়িং ৭৩৭-৮০০ এবং আরও একটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।
এছাড়া আগামী ১ মার্চ থেকে বিজনেস ক্লাস প্যাসেঞ্জারদের জন্য বাসা থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে বাসায় পৌঁছে দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
