৩০ মার্চ শুরু ঢাকা ট্রাভেল মার্ট
রাজধানীতে আগামী ৩০ মার্চ শুরু হবে ১৪তম আন্তর্জাতিক পর্যটন মেলা- ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০১৭ (ডিটিএম)’।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ৩ দিনব্যাপী মেলার আয়োজক ভ্রমণবিষয়ক ইংরেজি পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর।
মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
শনিবার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, “ঢাকা ট্রাভেল মার্ট দেশ-বিদেশের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।
“পাশাপাশি পর্যটন পিপাসুরা ঢাকা ট্রাভেল মার্টে একই ছাদের নিচে নিজের চাহিদা মত বিভিন্ন পণ্য ও সেবা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।”
ঢাকা ট্রাভেল মার্ট ৩০ মার্চ থেকে ১ এপ্রিল প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলার প্রবেশমূল্য জনপ্রতি ৩০ টাকা। তবে সংবাদকর্মী, ১২ বছর বয়স পর্যন্ত শিশু ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোনো প্রবেশমূল্য থাকবে না।
সংবাদ সম্মেলনের শুরুতে দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক টাইটেল স্পন্সর সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
