২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টয়ো ফিডের যাত্রা শুরু

গবাদিপশু, মাছ ও বিভিন্ন প্রাণির খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান টয়ো ফিড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2017, 02:22 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজুলল করিম সেলিম আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন। 

তিনি এসময় পোল্ট্রি খাতে নতুন বিনিয়োগের জন্য বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

সেলিম বলেন, বর্তমান সরকার দেশের মানুষের আমিষ ও পুষ্টি চাহিদা পূরণে আন্তরিক।

“পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই উন্নত জাতি গঠনের পূর্বশর্ত। এজন্য বর্তমান সরকার পোল্ট্রি সেক্টরে বিনিয়োগকে উৎসাহিত করছে।”

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে শিল্পের উন্নয়ন বিকশিত হয়, অন্যরা থাকলে পেছায় বলেও মন্তব্য করেন তিনি।

“তারা শিল্পের উন্নয়ন করবে কিভাবে, কারখানায় তো বিদ্যুতই দিতে পারে না। আমাদের সময়ে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এজন্য দেশ শিল্পে এগিয়ে যাচ্ছে।”

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, টয়ো ফিডের মত প্রাণিখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কৃষিভিত্তিক শিল্পের উন্নয়নে গতি আনতেও ভূমিকা রাখবে।

“মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে চতুর্থ। এরকম প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ার কারণে তাদের খাদ্যের চাহিদাও বাড়ছে। এ কারণে এ খাতে শিল্পোদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে,” বলেন তিনি।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, পরিচালক শেখ ফজলে ফাহিম, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, বেপজা’র সাবেক সদস্য একেএম মাহবুবুর রহমান, টয়ো ফিডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদসহ দেশের বিভিন্ন এলাকায় টয়ো ফিডের বিপণনকারীরা উপস্থিত ছিলেন।