সফটএক্সপো: হাতে-কলমে কোডিং শিখল শিশুরা
বেসিস সফট এক্সপোতে প্রোগ্রামিং ও কোডিং বিষয়ে হাতে-কলমে প্রাথমিক ধারণা পেল প্রায় চার শতাধিক স্কুলশিক্ষার্থী।
শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীর তৃতীয় দিনে বিভিন্ন স্কুলের সর্বোচ্চ অষ্টম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীদের জন্য দুই ঘণ্টাব্যাপী ‘কোডিং ফর কিডস’ শিরোনামের ব্যক্তিক্রমী আয়োজন করে মাইক্রোসফট বাংলাদেশ।
মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের ডেভেলপার ওয়েলিংটন পেরেরা কোডিং ডটওআরজি থেকে অবজেক্ট ডানে, বায়ে নেওয়া, বনাঞ্চল প্রতিষ্ঠা, অবজেক্ট সরিয়ে ফেলা, একই কাজ বার বার করাসহ বিভিন্ন কাজগুলো কোডিং কৌশলের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে হাতে কলমে শেখাতে চার শতাধিক শিক্ষার্থীর হাতে একটি করে মোবাইল হ্যান্ডসেট দেওয়া হলেও ইন্টারনেট বিভ্রাটের কারণে তা কাজে আসেনি শিশুদের। ওয়াইফাই ইন্টারনেট সংযোগের দায়িত্ব ছিল ‘আমরা নেটওয়ার্ক’ নামে একটি প্রতিষ্ঠানের।
ইন্টারনেট বিভ্রাট দেখা দেওয়ার পর প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমও সমস্যা সমাধানে শিক্ষার্থীদের কাছে যান। ইন্টারনেট বিভ্রাটের কারণে পরে প্রায় দেড়শ শিক্ষার্থীকে মঞ্চে নিয়ে কোডিং করতে শেখান অতিথি পেরেরা।
কর্মশালা শেষে কোডিং কৌশল দ্রুত রপ্ত করা তিনজন শিক্ষার্থীকে একটি করে স্মার্ট ফোন দেওয়া হয়।
কোডিং ফর কিডসের স্বেচ্ছাসেবক কনিকা ফেরদৌসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কম্পিউটারের যেকোনো বিষয়কে বিশেষ করে কোডিংয়ের বিষয়টি সাধারণত অনেক কঠিন ও দুর্বোধ্য বলে ধরে নেওয়া হয়। কিন্তু বিষয়টি যে অতি সহজ সেটা শিক্ষা দেওয়াই আজকের আয়োজনের লক্ষ্য।
“কোডিং ও প্রোগ্রামিং বিষয়ে শিশুদের মাঝে অনেক ভীতি কাজ করে। এমন কর্মশালা তাদের মনের ভীতি দূর করতে সহায়তা করবে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষক পেরেরা বলেন, কোডিং পারার জন্য খুব বেশি মেধাবী হওয়ার প্রয়োজন নেই। এখানে চেষ্টাই আসল।
কোডিং শিখতে আসা মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র সাব্বির ইয়ামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এইচটিএমএল, সিএসএস, ফাইভসহ অন্যান্য প্রোগ্রামিংয়ের নাম আমি শুনেছি। কিন্তু এগুলো ব্যবহার করতে শিখিনি।
“আজকের অনুষ্ঠানে জীবনে প্রথম সরাসরি কোডিং করা দেখলাম,” বলে সাব্বির।
