২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিনের ‘ইন্দো-বাংলা অটোমটিভ শো’ শুরু

বাংলাদেশ ও ভারতীয় কোম্পানিগুলোর অংশগ্রহণে ঢাকায় প্রথমবারের মতো তিন দিনের যান্ত্রিক গাড়ির মেলা বসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 04:34 PM

Updated : 11 Oct 2022, 01:25 PM

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বৃহস্পতিবার ‘ইন্দো-বাংলা অটোমটিভ শো’ শুরু নামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুই দেশের প্রধান প্রধান গাড়িনির্মাতা কোম্পানিগুলো এই মেলায় অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার বলেন, বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী দুই দেশকেই উপকৃত করবে এবং ভবিষ্যৎ বাণিজ্যের নতুন দিগন্ত তৈরি করবে।

“এরই মধ্যে ভারতের বেশ কিছু কোম্পানি এখানে অটোমোবাইল কারখানা স্থাপন করেছে এবং বেশ কিছু প্ল্যান্ট স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।”

জ্যেষ্ঠ সচিব মোশাররফ বলেন, “আমরা এমন পলিসি তৈরি করছি, যেখানে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা শুধু অ্যাসেম্বলিং নয় ম্যানুফেকচার করতে আগ্রহী হবে।”

দেশে অটোমোবাইলের ক্রমবর্ধমান চাহিদার কথা তুলে ধরে তিনি বলেন, “ভবিষ্যতে আমরা নিজেরাই আমাদের চাহিদা মিটিয়ে দেশের বাইরে অটোমোবাইল রপ্তানি করতে পারব বলে আশা করি।”

অশোক লেল্যান্ড, বাজাজ অটো, হিরো মটোক্রপ, হোন্ডা, মাহিন্দ্রা, মারুতি-সুজুকি, রানার, টাটা মোটরস, ইয়ামাহা, টিভিএস মোটরসহ মোট ১৪টি অটোমোবাইল নির্মাণকারক প্রতিষ্ঠান ও এদের দেশের সহযোগী প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে বলে জানান মেলার আয়োজকরা।

এতে মোটরসাইকেল, কার, বাস, ভ্যান, জিপ, অটোরিকশা ও ট্রাক্টরের প্রদর্শনী করছে ভারত-বাংলাদেশের অটোমোবাইল নির্মাণকারক ও পরিবেশকরা।

মেলা শনিবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা সবার জন্য উন্মুক্ত থাকবে।

সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফেকচারার্স (সিয়াম) ও সমন্বয় বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ, সিয়ামের সভাপতি ভিনোদ কে. দাশারি ছাড়াও দুই দেশের ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোটরবাইকে বিশেষ ছাড়

ইয়ামাহা, টিভিএস, বাজাজ, হিরো, রানার, হোন্ডাসহ জনপ্রিয় মোটরসাইকেল নির্মাতারা বেশ কিছু নতুন মডেল মেলায় নিয়ে এসেছে, যেগুলো বিশেষ মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে বলে পরিবেশকরা জানিয়েছে।

অনুষ্ঠানে ইয়ামাহার রিটেইলার এসিআই মোটরস লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বলেন, “গত বছর ভারতের বাজারে আসা ইয়ামাহা ভার্সন-২ এবার আমরা মেলার নিয়ে এসেছি। ব্লু কোর ও এফআই প্রযুক্তির ইঞ্জিন থাকায় বাইকগুলো পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী।”

ওয়াইএফজেড, এফআই, ফেজার, এসজেড, এফটু-এসের ভার্সন-২সহ অন্যান্য মোটরসাইকেলে ২৫ থেকে ২০ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

হিরো মোটরসাইকেলের যে কেনো মডেলে ১৫ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে বলে জানান ব্র্যান্ডটির রিটেইলার নিলয় মোটরস লিমিটেডের মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক রাহাত নবী।

একশ থেকে দেড়শ সিসির এই বাইকগুলো ১ লাখ ১৫ হাজার থেকে ১ লাখ ৯০ হাজারের মধ্যে পাওয়া যাবে ।

রানার অটোমোবাইল লিমিটেডের কর্পোরেট বিজনেস বিভাগের সহকারী ব্যবস্থাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রদর্শনীতে কাইট প্লাস ও নাইট রাইডার নামের সম্পূর্ণ নতুন দুটি মোটরসাইকেল মডেল নিয়ে এসেছে আমাদের কোম্পানি।”

মূল্য ছাড় চলছে হোন্ডা ব্র্যান্ডেও; সিবি সাইন, সিবিআর, সিবি ট্রিগার ও সিডি-৮০ মডেল ১৩ থেকে ৪০ হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।