২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়মন্ড চিকসের কার্যক্রম শুরু

অত্যাধুনিক প্রযুক্তিতে লেয়ার মুরগীর বাচ্চা উৎপাদন ও খামারিদের কাছে সহনীয় দামে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে প্রোটিন হাউজের অঙ্গ প্রতিষ্ঠান ডায়মন্ড চিকস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 09:46 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

বুধবার রাজধানীর বারিধারা ডিওএইচএসে প্রোটিন হাউজের প্রধান কার্যালয়ে ডায়মন্ড চিকসের কার্যক্রমের ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কায়সার আহমেদ।

তিনি জানান, এই বছরের অগাস্ট থেকে ডায়মন্ড চিকস প্রতি সপ্তাহে ২৭৫ হাজার একদিন বয়সী লেয়ার মুরগীর বাচ্চা বাজারজাতকরণ শুরু করতে যাচ্ছে।

“সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে উৎপাদিত হবে বলে বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে, ফলে সেগুলো সুস্থ ও নিরাপদ থাকবে।”

দেশে ডিম উৎপাদন ও হ্যাচিং সংক্রান্ত সব সমস্যা প্রতিরোধ করে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যানিম্যাল ওয়েলফেয়ার নীতি মেনে লেয়ার বাচ্চা উৎপাদন করা হবে বলে জানান তিনি।

“আমরা লেয়ার উৎপাদনের রাশিয়ার শেড প্রযুক্তি ব্যবহার করছি যাতে থাকবে অত্যাধুনিক সুয়ারেজ ও পানির ব্যবস্থা।”

দেশের লেয়ার বাচ্চার ক্রমবর্ধমান চাহিদা মাথায় রেখে সহনীয় দামে খামারিদের কাছে মানসম্মত লেয়ার বাচ্চা সরবরাহ করা হবে বলে জানান কোম্পানির মহাব্যবস্থাপক আসাদুজ্জামান মেজবাহ।

“আমাদের দেশে ডিমের চাহিদা বেড়েছে, ফলে খামারিরা লেয়ার বাচ্চা পাচ্ছে না। চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখেই যাত্রা শুরু করেছে ডায়মন্ড চিকস। আমরা কম দামে খামারিদের মানসম্মত লেয়ার বাচ্চা দিব।”

এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তাসলিমা খাতুন এবং ডেপুটি ম্যানেজার ওয়ালিদ হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।