বিদেশি সাহায্য কমছে, উন্নয়ন কাজে বরাদ্দ বাড়াচ্ছে ব্র্যাক
এনজিওগুলোতে দাতাদের সহায়তা কমায় নতুন পরিকল্পনা নিয়ে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে ব্র্যাক।
এ পরিকল্পনার অংশ হিসেবে ২০২০ সাল নাগাদ ৯০ শতাংশ নিজস্ব অর্থায়নে দারিদ্র্য বিমোচনসহ অন্যান্য সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবে বেসরকারি এই সংস্থাটি।
বুধবার রাজধানীর লা ভিঞ্চি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ব্র্যাকের স্ট্রাটেজি, কমিউনিকেশন্স অ্যান্ড এমপাওয়ারমেন্ট কর্মসূচির ঊর্ধতন পরিচালক আসিফ সালেহ এ তথ্য জানান।
তিনি বলেন, “বাংলাদেশের এনজিওগুলো এখন আর আগের মতো দাতাদের কাছ থেকে আর্থিক সহায়তা পায় না। সে কারণে এখনকার এনজিওগুলোর অবস্থা খুব একটা ভালো না। কিন্তু আমরা শুরু থেকেই দাতাদের সহায়তার পাশপাশি নিজস্ব অর্থে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছি।
“আড়ং, আড়ং ডেইরিসহ বেশ কিছু সহযোগী প্রতিষ্ঠানের বাণিজ্যিক কর্মকাণ্ড থেকে মুনাফার অংশ দারিদ্র্য বিমোচনসহ অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করা হয়।”
আসিফ সালেহ বলেন, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে দাতারা যে মাত্রায় অর্থায়ন করেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য তাদের কাছ থেকে সেভাবে আর্থিক সহায়তা পাওয়া যাবে না।
“এ প্রেক্ষাপটে আমরা পাঁচ বছরের নতুন কর্মপরিকল্পনা ঠিক করেছি। যেখানে ২০২০ সাল নাগাদ আমাদের মোট ব্যয়ের ৯০ শতাংশ সহযোগী প্রতিষ্ঠানগুলোর লাভের অংশ থেকে যোগান দেওয়া হবে। বাকিটা দাতাদের কাছ থেকে নেওয়া হবে।”
আসিফ সালেহ বলেন, নতুন পরিকল্পনায় আগামী পাঁচ বছরে পাঁচ লাখ তরুণকে প্রশিক্ষণ দিয়ে চাকরির জন্য তৈরি করবেন তারা। তাদের ব্র্যাকের উদ্যোগে বিদেশে পাঠানোসহ অন্যান্য চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।
বাংলাদেশে বর্তমান জনগোষ্ঠীর ৬০ শতাংশের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে জানিয়ে তিনি বলেন, “এদেরকেই আমরা প্রশিক্ষণ দিয়ে চাকরির জন্য প্রস্তুত করব। সম্প্রতি আমরা জনশক্তি রপ্তানির লাইসেন্স পেয়েছি। এখন থেকে আমরা প্রশিক্ষিতদের বিদেশেও রপ্তানি করব।
“এতদিন ব্র্যাকের উদ্যোগে সারা দেশে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হত। এখন সেটা দশম শ্রেণি পর্যন্ত করা হবে। স্বাস্থ্য খাতেও টিবি-যক্ষার পাশাপাশি ব্ল্যাড প্রেশারসহ আরও কয়েকটি রোগের চিকিৎসা সেবা দেওয়া হবে।”
সভায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের পরিচালক অধ্যাপক আব্দুল বায়েস।
“সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও এই বিষয়গুলোকে সম্পৃক্ত করা হয়েছে। সে আঙ্গিকে ব্র্যাক নতুন কর্মপরিকল্পনা ঠিক করেছে।”
এক প্রশ্নের উত্তরে ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের পরিচালক কে এ এম মোর্শেদ বলেন, “একটি জবাবদিহিমূলক সংস্থা হিসেবে ব্র্যাক নিয়মিত কর পরিশোধ করে আসছে। হাই কোর্ট জনহিতকর প্রতিষ্ঠান হিসেবে ব্র্র্যাককে কর পরিশোধের দায় থেকে অব্যাহতি দেয়। পরে সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হলে তা আমাদের বিপক্ষে যায়।
“এখন আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখেই কর পরিশোধ করছি।”
