নেদারল্যান্ডস যাচ্ছেন বিজিএমইএ ফেলোশিপ পাওয়া ৬ সাংবাদিক
পোশাকখাত নিয়ে অধিকতর জ্ঞানার্জনে নেদারল্যান্ডস যাচ্ছেন বিজিএমইএর ফেলোশিপ পাওয়া ছয় সাংবাদকর্মী।
বিজিএমইএ-বিইউএফটির ফেলোশিপ পাওয়া ঢাকার বিভিন্ন গণমাধ্যমের ছয় সংবাদিক আগামী ৫ থেকে ৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস সফর করবেন।
বুধবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বিজিএমইউ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, সাংবাদিকরা সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক কাউন্সিল পরিদর্শন করবেন। সিবিআই, অ্যাকর্ড, সিঅ্যান্ডএ, জিস্টার, হেমাসহ বিভিন্ন ব্র্যান্ড ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলবেন।
সফরকারী সাংবাদিকরা হলেন- এটিএন বাংলার রিপোর্টার মো. আশরাফুল আলম, দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান আল বাকার, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মো. মিজানুর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রিয়াদ হোসেন, ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভি ও ভয়েস অব আমেরিকার রিপোর্টার নাসরিন হুদা বিথী।
গত ১২ নভেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিজিএমইএ আয়োজিত এক অনুষ্ঠানে ‘বিজিএমইএ-বিইউএফবি জার্নালিজম ফেলোশিপ-২০১৫’ ঘোষণা করেন।
পোশাকখাত নিয়ে কাজ করা গণমাধ্যমকর্মীদের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া এই ফেলোশিপের উদ্দেশ্য।
দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ইটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, একাত্তর টিভির বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা ফেলোশিপের বিচারকের দায়িত্বে আছেন।
আগের বছরও ফেলোশিপে জার্মানির দুটি শহর বার্লিন ও হামবুর্গ শহর ভ্রমণের জন্য পাঠানো হয়েছিল।
সংবাদ সম্মেলনে এবারের সফর আয়োজনে সহযোগিতা করার জন্য ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসকে ধন্যবাদ জানান সিদ্দিকুর রহমান।
