বইমেলায় ডটবাংলা ডোমেইন নিবন্ধন
বাংলা একাডেমির একুশে বই মেলায় গ্রাহকরা ডটবাংলা ডোমেইন নিবন্ধন করতে পারবে বলে জানিয়েছে রাষ্ট্রয়াত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএল।
বুধবার কোম্পানির পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলা একাডেমির একুশে বই মেলায় প্রথমবারের মত বিটিসিএল স্টল সাজানো হয়েছে। বুধবার থেকে এ স্টলে ডট বাংলা ডোমেইন নিবন্ধন করা যাবে।
যে কেউ অনলাইনের পাশাপাশি বিটিসিএল স্টলে ডটবাংলা ডোমেইন নিবন্ধন করতে পারবেন।
বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গন অংশের ভাস্কর্যের পেছনে ৫০ নম্বর স্টল (বিটিসিএল স্টল) ও এর আশেপাশে বিনামূল্যে ওয়াইফাই সেবা থাকছে বলে জানিয়েছে জানায় বিটিসিএল।
বাংলা ডোমেইন ডট বাংলা উদ্বোধনের পর নতুন বছরের প্রথম দিন থেকে নিবন্ধনের আবেদন নেয় রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএল।
গত ১ জানুয়ারি থেকে প্রথম পর্যায়ে ডোমেইন নিবন্ধন শুরু হয়। এ পর্যায়ে বাংলাদেশের সাংবিধানিক, সরকারি-আধা সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও এর অঙ্গপ্রতিষ্ঠান।
এছাড়া কপিরাইট, ট্রেডমার্ক বা ব্র্যান্ড নামের প্রতিষ্ঠান এবং গুগল, মাইক্রোসফট, ফেইসবুকসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান এ পর্যায়ে ডট বাংলা ডোমেইন নিতে পেরেছে।
দ্বিতীয় পর্যায়ের নিবন্ধন শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে। এ পর্যায়ে বাংলাদেশের সবার জন্য সুযোগ উম্মুক্ত রয়েছে। এছাড়া প্রথম পর্যায়ের জন্য উপযুক্ত যেসব গ্রাহক নিবন্ধন করতে পারেননি দ্বিতীয় পর্যায়ে তাদের জন্যও আবেদন করার সুযোগ থাকছে।
সব ধরনের গ্রাহক বিটিসিএল এর ওয়েবসাইটের সার্ভিস অপশনে গিয়ে বা বিডিআইএ ডট বাংলা অথবা bdia.btcl.com.bd ওয়েব ঠিকানায় গিয়ে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। এরপর জমা দিতে হবে ফি।
ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইন্ড নেইমস অ্যান্ড নাম্বার (আইসিএএনএন) বাংলাদেশের জন্য ডট বাংলা (.বাংলা) ডোমেইন চূড়ান্তভাবে বরাদ্দ দেওয়ার প্রায় তিন মাস পর বাংলায় এই ডোমেইন নেইম নিবন্ধন দিচ্ছে বিটিসিএল।
বাংলায় নতুন ডোমেইন নাম চালু হওয়ার পর www.btcl.com.bd এর বদলে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে বিটিসিএল.বাংলা লিখেও বিটিসিএল ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ডট বাংলা ডোমেইন এর টেকনিক্যাল কনট্যাক্ট হিসাবে দায়িত্ব পালন করছে।
