পণ্যের দরপতন, কমছে রপ্তানিও: বিজিএমইএ
আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের দরপতনের পাশাপাশি রপ্তানি কমে পোশাক শিল্প এখন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে বলে দাবি করেছে বিজিএমইএ।
কেন্দ্রীয় ব্যাংকের ষান্মাষিক মুদ্রানীতি ঘোষণার পরদিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই বক্তব্য তুলে ধরে বেসরকারি খাতে ঋণ প্রবাহ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনটি।
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত পোশাক শিল্পের সুরক্ষায় বিশেষ অর্থায়নসহ পরিকল্পিত বিনিয়োগ বাড়াতেও সরকারের প্রতি আহ্বান জানান বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে পোশাক খাত। ইউরোর দরপতন, ব্রেক্সিট, যুক্তরাষ্ট্রের নির্বাচনসহ অন্যান্য কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দরপতন হয়েছে। বিপরীতে গত দুই বছরে গ্যাস সঙ্কটসহ নানা কারণে উৎপাদন ব্যয় বেড়েছে ১৭ শতাংশ।
রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়ার একটি চিত্রও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
* চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রপ্তানি প্রবৃদ্ধি ৪.৩৭ শতাংশ; গত অর্থ বছরের একই সময়ে তা ছিল ৯.২৪ শতাংশ। গত অর্থ বছরে প্রবৃদ্ধি ছিল ১০.২১ শতাংশ
* যুক্তরাষ্ট্রে জুলাই-ডিসেম্বরে রপ্তানি কমেছে ৯.১১ শতাংশ; যুক্তরাজ্যে ৫.১৯ শতাংশ, কানাডায় ৭.০৩ শতাংশ, অস্ট্রেলিয়ায় ১০.৯৬ শতাংশ, ব্রাজিলে ৪৫. ৪২ শতাংশ
* গত ডিসেম্বরে রপ্তানিতে ৩.৫৩ শতাংশ প্রবৃদ্ধি হ্রাস
২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতি বছর ১২ দশমিক ২৫ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে বলে পোশাক মালিকরা হিসাব দেখিয়েছেন।
সংবাদ সম্মেলনে গত দুই বছরে রপ্তানির বড় বাজারগুলোতে দরপতনের চিত্র তুলে ধরেন বিজিএমইএ সভাপতি।
* ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দরপতন হয় ৩.৮১ শতাংশ
* ওই বছর ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশে গড়ে দরপতন হয় ০.৭৬ শতাংশ
* ২০১৬ সালে (জানুয়ারি থেকে নভেম্বর) যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দরপতন ১.০৬ শতাংশ
* ২০১৬ সালের জানুয়ারি থেকে অক্টোবরে ইউরোপে ৩.১৯ শতাংশ দরপতন
অ্যাকর্ড-এলায়েন্সের বিভিন্ন সংস্কার উদ্যোগের অংশ হিসাবে কারখানার স্থান পরিবর্তন করতে গিয়ে উৎপাদন ব্যয় বাড়ছে বলে জানান বিজিএমইএ সভাপতি।
ঢাকা ও চট্টগ্রামের কাছাকাছি পোশাক কারখানার জন্য বিশেষ অঞ্চল গড়ে তুলতে সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
চলতি অর্থবছরের দ্বিতীয় অর্ধের মুদ্রানীতির মূল্যায়ন করে বিজিএমইএ সভাপতি বলেন, এই মুদ্রানীতি আগের মুদ্রানীতির পুনঃসংস্করণ।
“২০২১ সালের মধ্যে ব্যক্তিখাতে বিনিয়োগ লক্ষ্যমাত্রা জিডিপির ২৬ শতাংশেরও বেশি করতে হলে এই খাতে ঋণ প্রবাহ এখনই আরেকটু বৃদ্ধি করা যেত।”
পোশাক শিল্প এখন প্রতিকূল অবস্থা মোকাবেলায়, বলছে বিজিএমইএ
প্রতিবেশী ও প্রতিযোগী দেশ ভারতে পোশাক শিল্পে বিভিন্ন প্রণোদনা দেওয়ার কথা তুলে ধরে বাংলাদেশেও তা চালু করার আহ্বান জানান সিদ্দিকুর।
“ভারতে টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড স্কিমের আওতায় বস্ত্র ও পোশাক খাতে মূলধন বিনিয়োগের ওপর ১৫ শতাংশ ভর্তুকি বৃদ্ধি করে ৩০ শতাংশ করা হয়েছে। এছাড়াও ভারত সরকার ২০১৫ সালের ১ এপ্রিল থেকে পাঁচ বছরের জন্য তাদের রপ্তানিকারকদের ব্যাংক সুদের ওপর ৩ শতাংশ ভর্তুকি দিয়েছে। বাংলাদেশ সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্থানান্তরের জন্য এ ধরনের বিশেষ অর্থায়ন চালু করতে পারে।”
কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে এই সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি এস এম মান্নান কচি, মোহাম্মদ নাছিরও উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যানের বক্তব্য ‘পীড়া দেয়’
পোশাক রপ্তানি করে প্রাপ্ত অর্থ ব্যবসায়ীরা বিদেশেই রেখে দেন বলে সম্প্রতি এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের এক বক্তব্যের সমালোচনাও করেন পোশাক রপ্তানিকারদের শীর্ষ নেতা সিদ্দিকুর।
সিদ্দিকুর রহমান (ফাইল ছবি)
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকারের উচ্চপর্যায়ের একজন ব্যক্তি যখন গুরুত্বপূর্ণ শিল্প নিয়ে এ রকম ঢালাও মন্তব্য করেন, সেটি আমাদের পীড়া দেয়। তার এই বক্তব্য আমাদের আহত করেছে।”
কোনো রপ্তানিকারক এ ধরনের বেআইনি কাজের সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।
“যদি কোনো ব্যক্তি অসৎ কাজ করেন, তাহলে কাস্টমস ও এনবিআর সুষ্ঠু তদন্ত করে সেই ব্যক্তিকে আইনের আওতায় আনছে না কেন? কেন তাদের লাইসেন্স বাতিল করছে না।”
গত সোমবার একটি জাতীয় দৈনিকের প্রকাশিত সংবাদ অনুযায়ী, অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, “একজন কারখানার মালিক ২৪৭ কনটেইনার পোশাক রপ্তানি করেছেন, কিন্তু এর বিপরীতে একটি ডলারও দেশে আসেনি। তাহলে পোশাক রপ্তানি থেকে আয় করা বৈদেশিক মুদ্রা গেল কোথায়?”
