২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি আয় দ্বিগুণের ‘রোডম্যাপ’ বিজিএমইএর

আগামী পাঁচ বছরের মধ্যে বার্ষিক রপ্তানি আয় ৫ হাজার কোটি ডলারে উন্নীত করার মহাপরিকল্পনা প্রকাশ করেছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2016, 10:11 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে আরএমআইটি ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে এসংক্রান্ত বই ‘বাংলাদেশ আরএমজি রোডম্যাপ : টার্গেটিং ৫০ বিলিয়ন ডলার এক্সপোর্ট বাই ২০২১’ এর মোড়ক উন্মোচন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক থেকে সদ্য বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে ২ হাজার ৮০৯ কোটি ৪১ লাখ ডলার আয় এসেছে। আগামী পাঁচ বছরের মধ্যে এই আয় প্রায় দ্বিগুণ করতে চাইছেন রপ্তানিকারকরা।

বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২১ সালে পোশাক শিল্পখাত থেকে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে কী ধরনের ক্ষেত্র ও পরিকল্পনার প্রয়োজন, সে বিষয়ে একটি রোডম্যাপ উদ্বোধন করেছে। বিজিএমইএ ও আরএমআইটি ইউনিভার্সিটি যৌথভাবে এই রোডম্যাপটি তৈরি করে।”

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, তৈরি পোশাক শিল্পের ২০২১ সালের রূপকল্প অর্জনে এই ‘রোডম্যাপ’ একটি গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা হিসেবে কাজ করবে।

“তৈরি পোশাক শিল্পে তিন দশকের অধিক অভিজ্ঞতা, এ খাতের উদ্যোক্তাদের মেধা আর বিশাল শ্রমগোষ্ঠীর দক্ষতাকে কাজে লাগিয়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। এর সাথে রয়েছে সরকারের নীতি সহায়তা ও পোশাকখাত সংশ্লিষ্ট মহলগুলোর (স্টেকহোল্ডার) সহযোগিতা।”

সিদ্দিকুর রহমান ছাড়াও বিজিএমইএর সাবেক সভাপতি সংসদ সদস্য টিপু মুনশি, এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. সফিউল ইসলাম, বিজিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক হাসান ও সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনার কাজী ইমতিয়াজ হোসেন, আরএমআইটি ইউনিভার্সিটির কলেজ অব বিজনেসের ডেপুটি প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক জিয়ফ স্টকস ও আরএমআইটি ইউনিভার্সিটির অধ্যাপক ও বিজিএমইএর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা শরিফ আস-সাবেরও অনুষ্ঠানে ছিলেন।