২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফট এক্সপোতে শিশুদের জন্য কোডিং কর্মশালা

ঢাকায় শুরু হতে যাওয়া বেসিস সফট এক্সপোতে শিশুদের জন্য প্রোগ্রামিং ও কোডিং কর্মশালার আয়োজন করেছে মাইক্রোসফট বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 08:43 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

প্রতি বছরের মতো এবারও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী (১ থেকে ৪ ফেব্রুয়ারি) একাদশ ‘বেসিস সফটএক্সপো ২০১৭’ এর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

মাইক্রোসফটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কুল পড়ুয়া শিশুদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে প্রাথমিক জ্ঞানের ধারণা দিতে প্রথমবারের মতো ‘কোডিং ফর কিডস’ শীর্ষক দুই ঘন্টাব্যাপী কর্মশালার আয়োজন করতে যাচ্ছে মাইক্রোসফট বাংলাদেশ।

৩ ফেব্রুয়ারি বেসিস সফট এক্সপো ২০১৭-এর অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, “২০২০ সালের মধ্যে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রায় দুই ট্রিলিয়ন মার্কিন ডলার যোগ করবে ডিজিটাল প্রযুক্তি।” প্রযুক্তিনির্ভর বিশ্ব গড়তে “কম্পিউটার বিজ্ঞান ও কোডিং বিষয়ে প্রাথমিক ধারণা থাকার পাশাপাশি এগুলো নিয়ে কঠিন সমস্যা সমাধান এবং সূক্ষ্ণ চিন্তা করতে পারে”- এমন তরুণ প্রজন্মের অপরিসীম সম্ভাবনার কথাও বলেন তিনি।

“শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের অনুরোধ করব তারা যেনো সন্তানদের আগামী শুক্রবার কোডিং কর্মশালায় নিয়ে আসেন।”- সোনিয়া বলেন।

দেশের সব স্কুলের ১ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কর্মশালাটি উন্মুক্ত বলে উল্লেখ করা হয় মাইক্রোসফটের বিজ্ঞপ্তিতে।

শিশুদের কোডিং অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক বনমালি ভৌমিক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও পরিচালক আবদুর রব উপস্থিত থাকার কথা রয়েছে।