রবির ২৫ কর্মকর্তাকে ‘ফার্স্ট লাইন ম্যানেজার’ সনদ
পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগ কোম্পানি হিসেবে গড়ে তুলতে ‘ফার্স্ট লাইন ম্যানেজার’ (এফএলএম) লিডারশিপ প্রোগ্রামের আওতায় গ্র্যাজুয়েট ২৫ জন কর্মকর্তার মাঝে সনদ বিতরণ করেছে মোবাইল ফোন অপারেটর রবি।
মঙ্গলবার ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট’ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের অতিথি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, “প্রতিদিনই টেলিকম কোম্পানিগুলোর ব্যবসার পরিবেশ পরিবর্তন হচ্ছে। এজন্য এ খাতে স্থানীয় মেধাবীদের দরকার।”
‘ফার্স্ট লাইন ম্যানেজার’ লিডারশিপ প্রোগ্রাম আয়োজন করার জন্য রবিকে ধন্যবাদ জানিয়ে বিটিআরসি প্রধান বলেন, “ভবিষ্যতে আপনাদের মধ্যে থেকে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বের হয়ে আসবেন বা তার চেয়েও বড় পদে যাবেন বলে আশা করি।”
রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “এই প্রশিক্ষণের মূল বিষয় ছিল রবির মধ্য-স্তরের কর্মকর্তাদের অস্থিতিশীল, অনিশ্চিত ও জটিল বাণিজ্যিক বিশ্বের সাথে কাজ করার জন্য প্রস্তুত করা।
“অংশগ্রহণকারীদের আচরণগত দিকের উপর গুরুত্ব দিয়ে তাদের বর্তমান ব্যবসায়িক পরিবেশের জন্য প্রয়োজনীয় ‘সিচুয়েশনাল লিডারশিপের উপর বিস্তৃত ধারণা প্রদান করা হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টর ডিরেক্টর জেনারেল অতিরিক্ত সচিব মোহাম্মদ আতওয়ার রহমান। অতিথি হিসেবে ছিলেন রবির মূল কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদ এর গ্রুপ চিফ ট্যালেন্ট অফিসার দাতিন শ্রি বদরুন্নিসা।
অনুষ্ঠানে জানানো হয়, ছয় মাসব্যাপী লিডারশিপ প্রোগ্রামের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন রবির ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টর ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান। পুরো প্রশিক্ষণ জুড়ে বিআইএম ও আইআইএম কলকাতার কারিগরি সহায়তা এবং বিআইএম ও রবি কর্পোরেট অফিসের প্রশিক্ষণ সামগ্রী ব্যবহার করা হয়েছে।
২০২০ সালের মধ্যে আজিয়াটাকে পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগ কোম্পানি হিসেবে গড়ে তোলার উদ্দেশে আজিয়াটা গ্রুপ ট্যালেন্ট ডিপার্টমেন্ট এফএলএম প্রোগ্রামটি গ্রহণ করেছে। আজিয়াটা গ্রুপের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে প্রোগ্রামটি পরিচালনা করছে রবি।
কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে এফএলএম প্রোগ্রামে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মনোনীত করা হয়। প্রোগ্রামটি সাজানো হয়েছে কোম্পানির মধ্য-স্তরের দক্ষ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। ফাস্ট লাইন ম্যানেজার প্রশিক্ষণ কর্মসূচিতে ক্লাস রুম ও ভার্চুয়াল উভয় শিক্ষণের মাধ্যমেই প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শুরু হওয়ার আগে অংশগ্রহণকারী প্রত্যেক কর্মকর্তাকে ৩৬০ ডিগ্রি লিডারশিপ অ্যাসেসমেন্টের মাধ্যমে মূল্যায়ন করেছে রবি।
একইভাবে কর্মসূচি শেষে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কী পরিমাণ উন্নতি হলো তা যাচাইয়ের জন্য প্রত্যেককে আবার একই পদ্ধতিতে মূল্যায়ন করা হয়। বাস্তব প্রকল্পের মাধ্যমে নিজেদের দক্ষতাকে আরো শাণিত করার সুযোগও প্রদান করা হয়েছে এই প্রশিক্ষণ কর্মসূচিতে।
