২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল অপারেটরদের সেবার মান নজরদারিতে মাঠে নেমেছে বিটিআরসি

মোবাইল ফোন অপারেটরদের সেবার মান নজরদারিতে ‘নেটওয়ার্ক কোয়ালিটি মনিটরিং’ যন্ত্রপাতি নিয়ে মাঠে নেমেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

শামীম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 11:15 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

পুরনো খবর:

মোবাইল সেবার মান নজরদারিতে যন্ত্রপাতি আনছে বিটিআরসি
কলড্রপ ও ক্ষতিপূরণের তথ্য প্রতিমাসে  
কলড্রপে ক্ষতিপূরণ: কঠোর হতে নির্দেশনা বিটিআরসিকে

কল ড্রপসহ মোবাইল ফোন সেবার গুণগত মান নিয়ে গ্রাহকদের অভিযোগের মধ্যে এই নজরদারি কার্যক্রম শুরু করল এই নিয়ন্ত্রক সংস্থা।

বিটিআরসি সচিব সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নেটওয়ার্ক কোয়ালিটি মনিটরিং’ যন্ত্রপাতি নিয়ে বিটিআরসি কর্মকর্তারা রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেবার মান নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করছে।

প্রাথমিকভাবে তিন ধরনের সিস্টেম নিয়ে একাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “নিমো ওয়াকার এয়ার, ইনভেক্স টু এবং ইউন্ডক্যাচার নামে তিন ধরনের যন্ত্রপাতি দিয়ে অপারেটরদের সেবার মানগুলো দেখা হচ্ছে।”

এগুলো ভ্রাম্যমাণ যন্ত্রপাতি হিসেবে ব্যবহার করা যায় বলেও জানান সচিব।

বিটিআরসি এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেবার মান যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে কোনো যন্ত্রপাতি ছিল না। অপারেটরদের সরবরাহ করা তথ্যর ভিত্তিতেই এসব সেবার মানের তথ্য নির্ভর করতে হতো। যেমন কলড্রপের পরিমাণ কত তা অপারেটরদের তথ্যর উপর নির্ভর করতে হতো।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) নির্ধারিত কলড্রপের যে মান আছে তার নিচেই কল ড্রপ হচ্ছে বলে দাবি অপারেটরদের। তবে গ্রাহকরা অভিযোগ করে আসছে এ সমস্যা বেড়েই চলছে।

কলড্রপের ক্ষেত্রে আইটিইউর একটি নির্ধারিত মান আছে। শতকরা তিনটি পর্যন্ত কলড্রপ হলে সেটাকে মানসম্মতই ধরে নেওয়া হয়।

নিয়ন্ত্রক সংস্থার হালনাগাদ তথ্য অনুযায়ী, কলড্রপে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও বাংলালিংক ছাড়া আর কেউ কলড্রপে ক্ষতিপূরণ দেয়নি।

বিটিআরসি ওই কর্মকর্তা জানান, এই যন্ত্রপাতি ব্যবহার করে বিটিআরসি কলড্রপ, রিসিভ লেভেল, কল সেটআপ টাইম, কল সাকসেস রেটসহ মোবাইল ফোন সেবার গুণগত মানগুলো নজরদারি করছে।

এ উদ্যোগের ফলে কলড্রপ, কল প্রতিষ্ঠায় সময়কাল, কলের স্থায়িত্ব, কথা বলার মান, কারিগরি ক্রটি, ডাটা আদান-প্রদানের মান ইত্যাদি সম্পর্কে সত্যিকারের চিত্র এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

এর ফলে মোবাইল ফোনে কথা বলাসহ বিভিন্ন সেবার মান নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে বিটিআরসি।

গত বছর ‍জুলাই মাসে মোবাইল ফোন অপারেটরদের সেবার মান নজরদারিতে ফিনল্যান্ডের একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান থেকে ‘নেটওয়ার্ক কোয়ালিটি মনিটরিং’ যন্ত্রপাতি সংগ্রহে চুক্তি স্বাক্ষর করে বিটিআরসি।

মোবাইল ফোন সেবার মান উন্নয়নে বিভিন্ন পরিষেবা ও যন্ত্রপাতি কিনতে এ চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তি অনুসারে এনাইট ফিনল্যান্ড লিমিটেড মোবাইল ফোনের বিভিন্ন প্রযুক্তি সেবা ও কার্যক্রমের মান পরিমাপ ও মনিটরিং এর জন্য যন্ত্রপাতি সরবরাহ করে। এতে বিটিআরসি প্রায় আড়াই কোটি টাকা খরচ করে।

বর্তমানে ১২ কোটির বেশি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে এবং সক্রিয় রয়েছে বলে বিটিআরসির তথ্য। গত অক্টোবর নাগাদ দেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৩০ লাখের বেশি।

দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা বাড়লেও গ্রাহকরা প্রায়ই উচ্চমূল্যের পাশাপাশি ইন্টারনেট ধীরগতি, নেটওয়ার্ক সমস্যা, সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া ও ব্যবহারের চেয়ে বেশি টাকা কেটে নেওয়া ইত্যাদি বিষয়ে অভিযোগ করে আসছেন।