২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিস সফটএক্সপো সম্প্রচারে ডিজিবাংলা

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাওয়া বেসিস সফটএক্সপোর অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করছে তথ্যপ্রযুক্তি নির্ভর অনলাইন বাংলা চ্যানেল ডিজিবাংলা২৪।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 06:45 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

প্রতি বছরের মতো এবারও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী একাদশ বেসিস সফটএক্সপো ২০১৭ এর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস, বেসিস।

সম্প্রচার সহযোগী প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে তৈরি সফটওয়্যার দেশি ও বিদেশিদের কাছে পরিচিত করার লক্ষে আয়োজিত এই মেলা প্রথমবারের মত সরাসরি সম্প্রচার হচ্ছে।

আগ্রহীরা ডিজিবাংলার ওয়েবসাইট http://www.digibangla.tv/ এ গিয়ে মেলার সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।

বেসিসের ওয়েবসাইট, ফেইসবুক ও রেডিয়েন্ট আইপি টিভি মোবাইল অ্যাপ, অনলাইন, ফেইসবুক, ইউটিউব এবং টিভি চ্যানেলের মাধ্যমে মেলার সবগুলি ইভেন্ট সরাসরি উপভোগ করতে পারবেন বলেও এতে জানানো হয়।

তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে ২০টি সেমিনার, ১০টি টেকনিক্যাল সেশন এবং প্রথম ও চতুর্থ শ্রেণির শিশুদের নিয়ে বিশেষ কোডিং প্রোগ্রামসহ মেলার বিভিন্ন পণ্যের পরিচিতি বিশ্বের প্রতিটি দেশে সরাসরি সম্প্রচার করা হবে।

গত ২৭ জানুয়ারি কারওয়ান বাজারে বেসিসের কার্যালয়ে ডিজিবাংলা২৪ এর সঙ্গে বেসিসের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ডিজিবাংলা২৪ এর সিইও আতিকুর রহমান ও বেসিসের পরিচালক সৈয়দ আলমাস কবিরসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাত্রার শুরু থেকেই ডিজিবাংলা২৪ বাংলাদেশের তথ্যপ্রযুক্তিকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে।

“বেসিস সফটএক্সপো সফটওয়্যার প্রতিষ্ঠানদের জন্য একটি বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এই মেলায় অংশগ্রহণের পাশাপাশি সারা বিশ্বের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচারের দায়িত্ব পেয়ে আমরা গর্বিত।”