বাণিজ্য মেলা বেড়েছে আরও ৪ দিন
জানুয়ারির মাসের ৩১ তারিখ শেষ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না; ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবির) বোর্ড সভার পর এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, “ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে মেলার মেয়াদ চার দিন বাড়ানো হয়েছে।”
ইপিবির আয়োজনে প্রতি বছরের মতো এবারও ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলা উদ্বোধন করেন।
এবার এই মেলার ২২তম আসর। বাংলাদেশ ছাড়াও ২০টি দেশের ব্যবসায়ীরা এবারের মেলায় অংশ নিচ্ছেন।
মেলায় এবার ১৩টি ক্যাটাগরিতে মোট ৫৭৭টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের স্টল রয়েছে ৪৮টি।
ছুটির দিনগুলোতে মেলায় ব্যাপক ভিড় দেখা যাচ্ছে।
