২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন প্যাভিলিয়নে উপচে পড়া ভিড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে থাকা ওয়ালটন ইলেকট্রনিক্সের প্যাভিলিয়নে বিক্রি গত বছরের তুলনায় আশাতীত বেড়েছে বলে কর্মীরা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 04:28 PM

Updated : 19 Aug 2022, 03:36 PM

শুক্রবার ওয়ালটনের প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, ক্রেতা ও দর্শনার্থীদের সমাগমে পূর্ণ হয়ে আছে ওয়ালটনের বহুতল প্যাভিলিয়ন। ক্রেতা-দর্শনার্থীদের সঙ্গে কথা বলতে হিমশিম খাচ্ছেন বিক্রয়কর্মীরা।

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, মেলার প্রথম ২৫ দিনে বিক্রি গতবারের তুলনায় ৩২ শতাংশেরও বেশি হয়েছে। মেলা শেষে এটি ৫০ শতাংশে উন্নীত হবে বলে তার আশা।

মেলায় ওয়ালটনের ডিজিটাল টাচ বোর্ড দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

উদয় হাকিম বলেন, মেলায় নতুন এসেছে ২২ মডেলের ওয়ালটন ল্যাপটপ, মোবাইল ফোন, লিফট, রেফ্রিজারেটর, এলইডি টিভি, এয়ারকন্ডিশনার, ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস। এছাড়া ৫ শতাধিক মডেলের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল পণ্য এনেছেন তারা।

ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, বিক্রির ধুম পড়েছে। প্যাভিলিয়নে ক্রেতাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

তিনি জানান, গত বছরের চেয়ে এবার তাদের বিক্রি বেড়েছে আশাতীত। গত বছরের মেলায় তারা ৭ কোটি ৮২ লাখ টাকার পণ্য বিক্রি করেছিলেন। তাদের প্রত্যাশা এবার ১০ কোটি ছাড়িয়ে যাবে।