সাফা পুরস্কার পেল দেশের ৮ প্রতিষ্ঠান
সবচেয়ে ভালো বার্ষিক প্রতিবেদনের জন্য ১৩টি ক্যাটাগরিতে সার্কভুক্ত দেশগুলোর ৪৬ প্রতিষ্ঠানকে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) পুরস্কার দেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশের আটটি প্রতিষ্ঠান রয়েছে।
২০১৫ সালের আর্থিক প্রতিবেদনের জন্য প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেওয়া হয়।
এগুলোর বাইরে ৪১টি প্রতিষ্ঠানকে দেওয়া হয় সাটিফিকেট অব মেরিট।
শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রতিষ্ঠানগুলোর কর্তাব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন।
দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও সাফা সভাপতি এএসএম নাইম।
১৩ ক্যাটাগরিতে দশটি পুরস্কার জেতে বাংলাদেশি আট প্রতিষ্ঠান।
ব্যাংকিং খাতে বিজয়ী হয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। এ খাতে প্রথম রানার-আপ হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
আর্থিক খাতে যৌথভাবে বিজয়ী হয়েছে লংকাবাংলা ফাইন্যান্স ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটে।বেসরকারি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে উদ্দীপন, রানার আপ হয়েছে ব্র্যাক এবং যুগ্মভাবে দ্বিতীয় রানার আপ হয়েছে সাজিদা ফাউন্ডেশন।
কর্পোরেট গভর্ন্যান্স খাতে বিজয়ী হয়েছে আইডিএলসি লিমিটেড, প্রথম রানার-আপ হয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। সরকারি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটেড (ইডকল)।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে শ্রীলঙ্কা। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান ২৭টি পুরস্কার জিতেছে। এছাড়া পাকিস্তান থেকে সাতটি এবং ভারত থেকে দুটি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে।
