২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেও সম্মাননা নিলেন এনবিআর চেয়ারম‌্যান

জাতীয় রাজস্ব দেওয়া সম্মাননা নিজেও গ্রহণ করেছেন সংস্থার চেয়ার‌ম্যান মো. নজিবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 11:09 PM

Updated : 25 Jul 2022, 08:53 PM

বৃহস্পতিবার আন্তর্জাতিক কাস্টমস দিবসে এক সেমিনারে অর্থমন্ত্রীর হাত থেকে ‘সার্টিফিকেট অব মেরিট’ গ্রহণ করেন তিনি।

রাজস্ব অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় ও শক্তিশালী করতেই এই প্রথম এই ধরনের সম্মাননা দিয়েছে এনবিআর।

ঢাকার আগারগাঁয়ে নির্মাণাধীন এনবিআর ভবনে এই অনুষ্ঠানে সাত সংস্থা ও ১৩ ব্যক্তিকে এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়া সাত সংস্থা হচ্ছে- অ্যার্টনি জেনারেলের কার্যালয়, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব), কোস্ট গার্ড, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিসিআই, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এনবিআর চেয়ারম‌্যান ছাড়া সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন এম ফখরুল ইসলাম (প্রথম সচিব (শুল্ক), এনবিআর), মোহাম্মদ শফি উদ্দিন ( যুগ্ম কমিশনার, আইসিডি, ঢাকা), মিনহাজ উদ্দিন পাহলোয়ান ( দ্বিতীয় সচিব (শুল্ক), জাতীয় রাজস্ব বোর্ড), চপল চাকমা (উপ কমিশনার, কাস্টমস হাউজ, চট্টগ্রাম), শামিমা জেসমিন (উপ কমিশনার, কাস্টমস হাউজ, ঢাকা), ইমাম গাজ্জালী (সহকারী পরিচালক, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা), নুরুল বাসির (সহকারী কমিশনার, কাস্টমস হাউজ, বেনাপোল, যশোর), শেগুফতা মাহজাবীন (সহকারী কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা), রেজাউল করিম (সহকারী পরিচালক, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), ঢাকা), আব্দুল্লাহ আল-মামুন (রাজস্ব কর্মকর্তা, কাস্টমস হাউজ, বেনাপোল, যশোর), হামিদুল হক (মরণোত্তর) (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা) এবং বরূন রায় (সহকারী রাজস্ব কর্মকর্তা, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), ঢাকা)।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এবং প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।

অর্থমন্ত্রী বলেন, “চলতি অর্থবছরের কর মেলায় যেসব নতুন করদাতা আবির্ভূত হয়েছেন তাদের বেশির ভাগই ৪০ বছরের কম বয়সী। দেশের তরুণ সমাজ নতুন ভাবধারায় উজ্জীবিত হয়েছে। এটা দেশের ভবিষ্যতের জন্য অসম্ভব মঙ্গলজনক।”

হয়রানির ভয়ে অনেকে কর দেওয়া এড়াতেন বলে মন্তব‌্য করেন মুহিত।

“গত ১০ বছরের বেশি সময় ধরে এ হয়রানি ব্যাপকভাবে কমে গেছে। মাত্র ১৪ লাখ কর দিত। এবার আমরা করদাতার যে টার্গেট করেছিলাম, সেটা পেরিয়ে অনেক উপরে চলে গেছে। এ সংখ্যা ২৭ লাখে পৌঁছে গেছে।”