ঢাবি শিক্ষার্থীদের জন্য ইবিএলের বৃত্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ৪৫ লাখ টাকার অনুদান দিয়েছে বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান দেওয়া হয় বলে ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাতে ৪৫ লাখ টাকার একটি প্রতীকী চেক তুলে দেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫০ জন মেধাবী, অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে অর্থ বৃত্তি হিসেবে এই টাকা বিতরণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ উপস্থিত ছিলেন।
