২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসিক গ্যাস লাইনে বসবে আড়াই লাখ প্রিপেইড মিটার

সরকার ২০১৮ সালের মধ্যে আবাসিক গ্যাসের লাইনে দুই লাখ ৬০ হাজার প্রিপেইড মিটার বসাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 08:24 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বুধবার সংসদে সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের অপচয়রোধে এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ইতোমধ্যে রাজধানীর মোহাম্মদপুর ও লালমাটিয়ায় আট হাজার ৬০০ প্রিপেইড মিটার বসানো হয়েছে।

তাতে প্রতিটি ডাবল বার্নার চুলায় গড়ে ৩৩ ঘণমিটার গ্যাসের সাশ্রয় হচ্ছে বলে এক জরিপের তথ‌্য তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “শিল্প খাতেও প্রি-পেইড মিটার স্থাপনের কার্যকারিতা পরীক্ষাধীন। জাপান সরকারের কাছ থেকে ঋণ নিয়ে আরও দুই লাখ আবাসিক লাইনে প্রিপেইড মিটার এবং চট্টগ্রাম এলাকায় ৬০ হাজার প্রিপেইড মিটার বসানোর কাজ বাস্তবায়নাধীন আছে।”

আখতার জাহানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উর্ধ্বমুখী। তাই দেশে তেলের দাম কমানো বা বাড়ানো ‘সম্ভব নয়’।

“এছাড়া অতীতের প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকার সরকারি ঋণ এখনো রয়ে গেছে। তাই এখন আবার জ্বালানি তেলের দাম কমানো হলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আবার ঋণগ্রস্ত হবে।”

সফুরা বেগমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু জানান, খাদ্যে ফরমালিনের উপস্থিতি যাচাই করতে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৫০০টি বিভিন্ন প্রকারের ফল পরীক্ষা করা হয়। তাতে কোনো ধরনের ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।

সামছুল হক দুদুর প্রশ্নে মন্ত্রী বলেন, যন্ত্রপাতি পুরানো হয়ে যাওয়ায় জয়পুরহাট চিনিকলের উৎ​পাদন ক্ষমতা অনেকাংশে হ্রাস পেয়েছে। যন্ত্রপাতি পরিবর্তন করে এর আধুনিকায়নের পরিকল্পনা সরকারের আছে।

আমিনা আহমেদের প্রশ্নের শিল্পমন্ত্রী জানান, জাহাজভাঙা শিল্পে দায়িত্ব পালন করতে গিয়ে গত পাঁচ বছরে ৮২ জন শ্রমিক নিহত হয়েছেন।

এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, টেলিভিশন চ্যানেলের জন্য প্রযোজ্য বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন আছে।