২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম্পিউটারের মাদারবোর্ড ও কম্প্রেশার তৈরি করবে ওয়ালটন

নতুন বছরে কম্প্রেসার ও কম্পিউটার মাদারবোর্ড উৎপাদনের উদ্যোগ নিয়েছে দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 08:03 PM

Updated : 11 Oct 2022, 01:22 PM

সোমবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রো-টেক কর্পোরেশনে আয়োজিত দিনব্যাপী ডিস্ট্রিবিউটর কনফারেন্সে প্রযুক্তি পণ্য উৎপাদন খাতে ওয়ালটনের ২০১৭ সালের লক্ষ্য ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এতে নতুন বছরে কোম্পানিটির পক্ষ থেকে কম্পিউটারের মাদারবোর্ড ও কম্প্রেসার উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম।

তিনি আরও বলেন, “চলতি বছরে ফ্রিজ, এলইডি টেলিভিশন, ল্যাপটপ ও এয়ার কন্ডিশনারে আরও নতুন মডেল যুক্ত হবে। প্রযুক্তি পণ্য উৎপাদনে এক নতুন দিগন্তের সূচনা করবে ওয়ালটন।”

২০২০ সালের মধ্যে ওয়ালটন বিশ্বের সেরা ১০টি ফ্রিজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের তালিকায় উঠে আসবে আসা প্রকাশ করে তিনি জানান, ২০১৭ এর শুরুতেই চারটি নতুন প্রযুক্তির ফ্রিজ এসেছে। এবছরই এসিতে যুক্ত হবে ইনটেলিজেন্ট ইনভার্টার এবং টিভিতে কোয়ান্টাম ডট প্লাস প্রযুক্তি।

সারা দেশ থেকে প্রায় ৮০০ জন ডিস্ট্রিবিউটর এই কনফারেন্সে অংশ নেন। এতে দেশ সেরা ৩৮ জন ডিস্ট্রিবিউটরকে পুরস্কৃত করে ওয়ালটন। এদের মধ্যে ছয়টি ক্যাটাগরিতে মোট ১৮ জনকে দেওয়া হয়েছে সেরাদের সেরা পুরস্কার।

কনফারেন্সে অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নূরুল আলম রিজভী। এছাড়াও গ্রুপের চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম ও পরিচালক এসএম রেজাউল আলম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।