বাংলাদেশি পণ্যের মেলা বসছে নেপালে
স্থাপনা ও নির্মাণ সামগ্রী, তৈরি পোশাক, পাট ও চামড়াজাত পণ্যসহ বাংলাদেশে তৈরি বিভিন্ন পণ্যের সম্ভার নিয়ে নেপালের রাজধানীতে পাঁচ দিনের মেলা শুরু হচ্ছে মঙ্গলবার।
কাঠমান্ডুর ভৃকুটিমণ্ডপ এক্সিবিশন হলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এই ১০০টি স্টল থাকবে বলে কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।
খবরে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশের বড় কোম্পানি ও উদ্যোক্তাদের মেলায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলার মধ্য দিয়ে নেপাল ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও উন্নত হবে। পাশাপাশি নেপালি উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে বাংলাদেশি পণ্য পরিচিতি পাবে।
মেলায় নেপালি পণ্যও প্রদর্শন করা হবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনেক উদ্যোক্তা নেপালে তাদের ব্যবসা শুরু করতে চান। আর্জেন্টিনা, ইতালি ও অন্য ইউরোপীয় দেশ থেকে নেপাল বাথরুমের সজ্জার বিভিন্ন পণ্য আমদানি করে থাকে, যেগুলো অনেক সস্তায় মাত্র ৩৮ কিলোমিটার দূরের অবস্থিত বাংলাদেশ থেকে কেনা যায়।
মেলায় শাড়ি, প্লাস্টিক পণ্য, প্রসাধনী, সিরামিকস, টাইলস, টেক্সটাইল, জুতা, গৃহস্থালি সামগ্রী, কারুপণ্য, খাবার ও স্যানিটারি সামগ্রীও প্রদর্শিত হবে।
আয়োজকরা জানান, গত বছর মেলায় প্রায় পাঁচ কোটি রুপির পণ্য কেনাবেচা হয়েছিল। এবার মেলায় তিন লাখের বেশি দর্শক সমাগম হতে পারে আশা করছেন তারা।
