২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তিখাতে ‘ভবিষ্যতের বীজ’ বুনছে হুয়াওয়ে

প্রযুক্তিখাতে দক্ষতা তৈরির লক্ষ্যে হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের সহায়তায় বাংলাদেশের ১০ শিক্ষার্থী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানের কারখানা ঘুরে দেখেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 08:34 PM

Updated : 11 Oct 2022, 01:19 PM

‘সিডস ফর দ্য ফিউচার ২০১৬’ কর্মসূচির আওতায় গত বছরের ২৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা চীন সফরে ছিলেন বলে হুয়াওয়ে বাংলাদেশের প্রধান প্রযুক্তি র্কমর্কতা কলিন সি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাছাই করা ১০ শিক্ষার্থী ১১ দিন ধরে প্রযুক্তিখাতে নতুন নতুন উদ্ভাবন ও সেগুলোর নির্মাণের ধরণ দেখার সুযোগ পেয়েছেন।

“চূড়ান্ত পর্বে তারা চীনের শেনঝেনে হুয়াওয়ের প্রধান কার্যালয়সহ বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন।”

বাংলাদেশের শিক্ষার্থীরা ২০১৪ সাল থেকে এই কর্মসূচিতে অংশ নিচ্ছে জানিয়ে কলিন বলেন, আইসিটি ইনস্টিটিউটগুলোর সঙ্গে হাতে-কলমে শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে হুয়াওয়ে এই কর্মসূচি নিয়েছে।

এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে যেমন ইতিবাচক প্রভাব পড়বে তেমনি বাংলাদেশের প্রযুক্তি খাতও সমৃদ্ধ হবে বলে মন্তব্য তার।

পাশাপাশি হুয়াওয়ে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের কাছ থেকে নতুন ধারণার পাশাপাশি ‘আইসিটি বিষয়ে সল্যুশন’ খুঁজছে বলেও জানান তিনি।

“এনরিচিং দি ডেইলি লাইফ অব বাংলাদেশি পিপল থ্রু আইসিটি ইনোভেশনস, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের কাছ থেকে নতুন ধারণার পাশাপাশি আইসিটি সল্যুশনস খুঁজছি আমরা।”

বিশ্বের মোট ৬৭টি দেশ ও অঞ্চল থেকে শিক্ষার্থীরা বছরব্যাপী এ ‘সিড্স ফর দ্যা ফিউচার’ কর্মসূচিতে অংশ নেন বলে জানান এ প্রযুক্তি কর্মকর্তা।

কর্মসূচির আওতায় এরই মধ্যে ১৫০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী ‘উপকৃত হয়েছে’ বলেও দাবি তার।

চীনের শেনজেনে গতবছর বাংলাদেশের সঙ্গে হাঙ্গেরি ও সালভাদরের শিক্ষার্থীরাও ছিলেন; বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নিয়ে বছরব্যাপীই হুয়াওয়ে এ কর্মসূচি করে বলে জানান কলিন।