শীতের প্রভাব ছোট মাছের বাজারে
এক সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে ছোট মাছের দাম বেশ কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।
বিক্রেতারা বলছে, শীত মওসুমে ছোট আকারের জলাশয়গুলোতে পানি কমে যাওয়ায় নানা ধরনের ছোট মাছ আগের চেয়ে বেশি ধরা পড়ছে।সরবরাহ বেড়ে যাওয়ায় দামও কমেছে।
আর ছোট মাছের দাম কমার প্রভাবে বাজারে বড় মাছের দামও স্থিতিশীল রয়েছে বলে জানান তারা।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও মহাখালীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, একসপ্তাহের ব্যবধানে পাঁচমিশালী ছোট মাছের দাম প্রতি কেজিতে অন্তত ১০০ টাকা কমেছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।
প্রতি কেজি পাঁচমিশালী ছোটমাছ শুক্রবার আকার ভেদে ২০০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়, যা গত সপ্তাহে ৩০০ থেকে ৪০০ টাকা ছিল।
মোহাম্মদপুরের মাছ বিক্রেতা গৌরাঙ্গ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলন, “পাঁচমিশালী মাছ মূলত খাল-বিল-পুকুরের মাছ। শীতের সময় এইসব জায়গার পানি যত কমতাছে, ততবেশি মাছ ধরা পড়তাছে।
“মাছের দাম পুরাটাই সাপ্লাইয়ের উপরে (নির্ভর করে)। গত দুই তিন মাস ধইরা সাপ্লাই ভালো, তাই দামও কম।”
মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচাবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম এক কেজি মেনি মাছ কিনেছেন ৩০০ টাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা যারা সীমিত আয়ের মানুষ তাদের জন্য আসলে সবসময়ই জিনিসপত্রের দাম বেশি। তবে বেশ কিছুদিন ধরেই দেখছি, অন্যান্য জিনিসের তুলনায় মাছের দাম তুলনামূলকভাবে স্বস্তিদায়ক।”
মহাখালী কাঁচাবাজারে মাসুদ আহমেদ নামে আরেক বললেন, “ছোট মাছের দাম কম। কিন্তু আমার মনে হয় এই সময় পরিবহন ব্যবস্থা সহজ হলে দাম আরো কম হতো।”
সবজিগুলোর মধ্যে প্রতি কেজি শিম ৩০ টাকা, বেগুন ৪০, মুলা ১৫, গাজর ৩০, কচুর মুখি ২০, আলু ২০, মটরশুটি ও শিমের বিচী ৮০, লাউ ১৫-২০, ফুলকপি ২০ ও বাঁধাকপি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়, গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪২০ টাকায়।
ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাকিস্তানি কর্ক ২৫০ থেকে ২৬০ এবং দেশি মুরগি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
