২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রপ্তানিমুখী’ চা আমদানি হচ্ছে

এক সময়ের বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল চা কয়েক বছর ধরে আমদানি করে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে হচ্ছে, যদিও স্বাধীনতার পর সাড়ে চার দশকে দেশে চায়ের উৎপাদন বেড়েছে তিনগুণ।

ফয়সাল আতিক

-নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 02:01 AM

Updated : 11 Apr 2022, 10:48 PM

বাংলাদেশ চা বোর্ড সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং বিগত কয়েক দশকে চায়ের আমদানি-রপ্তানির তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।

চাকে আবার রপ্তানির পর্যায়ে নিয়ে যেতে সম্প্রতি চা শিল্পের বিকাশে নতুন একটি পথনকশা প্রণয়ন করা হয়েছে বলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত চা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিগত পাঁচ দশকে চা রপ্তানিতে ধসের চিত্র উঠে আসে বাণিজ্যমন্ত্রীর বক্তব্যে।

তিনি বলেন, ১৯৭০ সালে চায়ের উৎপাদন ছিল ২৮ মিলিয়ন কেজি। ওই বছর অভ্যন্তরীণ ভোগ ছিল ৫ দশমিক ৭ মিলিয়ন কেজি। সে সময় চা রপ্তানি হত।

একইভাবে ১৯৮০ সালে ৪০ মিলিয়ন কেজি উৎপাদনের বিপরীতে অভ্যন্তরীণ ভোগ ছিল ৯ মিলিয়ন কেজি, বাকিটা রপ্তানি হয়েছে।

ক্রমান্বয়ে চায়ের দেশীয় ভোক্তা বৃদ্ধির তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ১৯৯০ সালে ১৪ মিলিয়ন কেজি চা ভোগ হয়েছে বাংলাদেশে। ২০০০ সালে ৩৮ মিলিয়ন কেজি এবং ২০০৯ সালে ৫৬ মিলিয়ন কেজি ভোগ হয়েছে। আর ২০১৬ সালে দেশে চা ভোগ হয়েছে ৭০ মিলিয়ন কেজি, যে চাহিদা পূরণে ৭ দশমিক ৭০ মিলিয়ন কেজি আমদানি করতে হয়েছে।

২০১৫ সালে আমদানি করতে হয় ১১ দশমিক ৪ মিলিয়ন কেজি; ওই বছর রপ্তানি হয় ০ দশমিক ৫৫ মিলিয়ন কেজি।

দেশে চায়ের ভোক্তা বেড়ে যাওয়াকে অভ্যন্তরীণ অর্থনীতি শক্তিশালী হওয়া এবং দেশ সমৃদ্ধ হওয়ার ইঙ্গিত বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, বিগত চার দশকে দেশে চায়ের উৎপাদন বেড়েছে তিন গুণ। বিপরীতে ভোগ বেড়েছে ১২ গুণ। ফলে এক সময়ের রপ্তানিমুখী চা এখন উল্টো আমদানি হচ্ছে।

তবে আমদানির পাশাপাশি দেশের কয়েকটি কোম্পানি ভালো মানের চা বিদেশে রপ্তানি করছে বলেও জানান চা বোর্ডের বিপণন বিভাগের ডেপুটি ডিরেক্টর মাদহুল কবির চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চা বোর্ড নিজে ব্যবসা করে না। তবে তারা বেসরকারি কোম্পানিগুলোকে নতুন নতুন উদ্ভাবন ও পরামর্শ দিয়ে সহযোগিতা করে।

“দেশে চায়ের উৎপাদন অনেক বেড়েছে। তবে অভ্যন্তরীণ চাহিদা বাড়তে থাকায় এখনও কিছু পরিমাণ চা আমদানি হচ্ছে।”

চা বোর্ডের পরিকল্পনা বিভাগের ডেপুটি ডিরেক্টর মুনীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের বিভিন্ন জেলায় মোট ১৬২টি চা বাগান রয়েছে। এসব বাগানে চাষযোগ্য ভূমির পরিমাণ ৬৪ হাজার ৮৮৬ দশমিক ২৫ হেক্টর। তবে চা চাষ হয় মোট ৫৯ হাজার ১৮ হেক্টর জমিতে।

মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, পঞ্চগড় ও বান্দরবান জেলায় চা বাগান রয়েছে।

গত ১০ বছরে চায়ের আমদানি-রপ্তানি

* ২০০৭ উৎপাদন- ৫৮ দশমিক ১৯ মিলিয়ন কেজি, আমদানি-শূন্য, রপ্তানি ১০ দশমিক ৫৬ মিলিয়ন কেজি।

* ২০০৮ উৎপাদন- ৫৮ দশমিক ৬৬ মিলিয়ন কেজি, আমদানি-শূন্য, রপ্তানি ৮ দশমিক ৩৯ মিলিয়ন কেজি।

* ২০০৯ উৎপাদন- ৫৯ দশমিক ৯৯ মিলিয়ন কেজি, আমদানি-শূন্য, রপ্তানি ৩ দশমিক ১৬ মিলিয়ন কেজি।

* ২০১০ উৎপাদন- ৬০ দশমিক ০৪ মিলিয়ন কেজি, আমদানি- ৪ দশমিক ১৩ মিলিয়ন কেজি, রপ্তানি শূন্য দশমিক ৫১ মিলিয়ন কেজি।

* ২০১১ উৎপাদন- ৫৯ দশমিক ১৩ মিলিয়ন কেজি, আমদানি ৪ দশমিক ৯৮ মিলিয়ন কেজি, রপ্তানি ১ দশমিক ৪৮ মিলিয়ন কেজি।

* ২০১২ উৎপাদন- ৬২ দশমিক ৫২ মিলিয়ন কেজি, আমদানি ১ দশমিক ৯২ মিলিয়ন কেজি, রপ্তানি ১ দশমিক ৫৬ মিলিয়ন কেজি।

* ২০১৩ উৎপাদন- ৬৬ দশমিক ২৬ মিলিয়ন কেজি, আমদানি ১০ দশমিক ৬২ মিলিয়ন কেজি, রপ্তানি ০ দশমিক ৫৪ মিলিয়ন কেজি।

* ২০১৪ উৎপাদন- ৬৩ দশমিক ৮৮ মিলিয়ন কেজি, আমদানি ৬ দশমিক ৯৬ মিলিয়ন কেজি, রপ্তানি ২ দশমিক ৬৬ মিলিয়ন কেজি।

* ২০১৫ উৎপাদন- ৬৭ দশমিক ৩৮ মিলিয়ন কেজি, আমদানি ১১ দশমিক ৪ মিলিয়ন কেজি, রপ্তানি ০ দশমিক ৫৫ মিলিয়ন কেজি।

* ২০১৬ উৎপাদন- ৮৫ দশমিক ৫ মিলিয়ন কেজি, আমদানি ৭ দশমিক ৭০ মিলিয়ন কেজি, রপ্তানি ০ দশমিক ৪৭ মিলিয়ন কেজি।

সূত্র: বাংলাদেশ চা বোর্ডের