বিমানের আগের পর্ষদেই সরকারের আস্থা
গত দুই বছর ধরে লাভে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদে বিমান বাহিনীর সাবেক প্রধান মোহাম্মদ ইনামুল বারীর ওপরই আস্থা রেখেছে সরকার।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ২০১৭ সালের জন্য বিমানের ১৩ সদস্যের যে পর্ষদ ঘোষণা করেছে তাতে আগের পদ বিন্যাসই বহাল রাখা হয়েছে।
রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমান পরিবহন সংস্থা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন পর্ষদ গঠিত হওয়ার কথা জানায়।
সাবেক এয়ার মার্শাল ইনামুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো অনেক কাজ বাকি আছে। বিমানের ইমেজটা ঠিক করা। তাছাড়া... আসলে বিমান তো পাবলিক সার্ভিস।... এই সার্ভিস অনেক ডেভেলপ করতে হবে। এই দিকটাতে নজর দিতে হবে।”
অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনীর সহকারী প্রধান (অপারেশন্স অ্যান্ড ট্রেইনিং), সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান পদাধিকার বলে বিমানের পরিচালনা পর্যদের সদস্য।
গতবারের মতই সদস্য পদে আছেন সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান, সাবেক অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিবুল আলম ও ইমার্জিং রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর-ই-খোদা আব্দুল মবিন।
এছাড়া বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোসাদ্দেক আহমেদও পরিচালনা পর্ষদের একজন সদস্য।
অব্যাহত লোকসানের চক্র থেকে বেরিয়ে আসতে ২০০৭ সালে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয়; পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বোর্ডের হাতে।
পর্ষদের হাতে দায়িত্ব যাওয়ার পর ২০০৭-০৮ অর্থবছরে ৫ কোটি ১৯ লাখ ও ২০০৮-০৯ অর্থবছরে ১৫ কোটি ৫৭ লাখ টাকা লাভ হলেও এরপর টানা পাঁচ অর্থবছরে বিমানের লোকসান হয় ১ হাজার ৪৩৫ দশমিক ৬৪ কোটি টাকা।
দীর্ঘদিন পর বিমান আবার লাভের মুখ দেখে ২০১৪-২০১৫ অর্থবছরে। ওই বছর ২৭২ কোটি ২৩ লাখ টাকা লাভ হয়। পরের অর্থবছরেও সেই ধারা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান ইনামুল বারী।
মোহাম্মদ ইনামুল বারী
লাভে থাকায় বিমান এখন আগের লোকসানের বকেয়াগুলো পরিশোধ করতে শুরু করেছে বলে জানান চেয়ারম্যান।
বিমানকে লাভজনক করতে গিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নতুন বিমান যুক্ত করা হয়েছে। আর সেজন্য বড় অংকের বৈদেশিক ঋণ হয়েছে বলে সংবাদমাধ্যমের খবর।
এ প্রসঙ্গে ইনামুল বারী বলেন, “নতুন প্লেনতো আর কেউ ফ্রি দেবে না। ছয়টা প্লেন কিনেছি। আরও চারটা প্লেন ২০১৮ তে আসবে। প্লেন আনার আগেই পুরোটা পে করতে হয়। সবগুলোর লোনই সময়মতো পরিশোধ করতে পারছি।”
