২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে নোকিয়া-অ্যালকাটেল

নেটওয়ার্ক সম্প্রসারণে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া ও অ্যালকাটেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2017, 06:13 PM

Updated : 19 Aug 2022, 03:26 PM

এ চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি টেলিটকের এক হাজার ৩২০টি সাইটে টুজি নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৯৪২টি সাইটে সর্বশেষ ভার্সনের থ্রিজি নেটওয়ার্ক স্থাপন করা হবে।   

বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে টেলিটকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ এবং নোকিয়ার পক্ষে নিকোলাস বোভেরত, এলকাটেলের পক্ষে রোলান্ড রেনিয়ার চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, “এমএনপি (নম্বর ঠিক রেখে অপারেটর বদল) শুরু হওয়ার আগেই টেলিটকের নেটওয়ার্ক উন্নত করতে চাই। নেটওয়ার্ক উন্নত করা ছাড়া কোনো উপায় নেই।”

টেলিটকের গ্রাহক সংখ্যা বাড়ছে জানিয়ে তারানা হালিম বলেন, সাম্প্রতিক সময়ে টেলিটকের গ্রাহক ৬ লাখ বেড়ে ৩৮ লাখে দাঁড়িয়েছে। 

একটি প্রকল্পের আওতায় দেশব্যাপী টেলিটকের নেটওয়ার্ক গ্রাম পর্য‌ন্ত সম্প্রসারণে মোট ১ হাজার ৭০০টি সাইটে নতুন টুজি বিটিএস, ৩০৫টি পুরাতন বিটিএস প্রতিস্থাপন, এক হাজার ৫০০ সাইটে থ্রিজি নোডবিসহ আনুসঙ্গিক কোর নেটওয়ার্ক ও অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, নোকিয়ার সঙ্গে ১৮ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার চুক্তিমূল্যে ৫৯০টি সাইটে টুজি নেটওয়ার্ক সম্প্রসারণ ও ৩০৫টি সাইটে পুরাতন টুজি বিটিএস আধুনিক ভার্সনে টুজি বিটিএস স্থাপন করা হবে (মোট ৮৯৫টি বিটিএস)।

এছাড়া নোকিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী ৫৫২টি সাইটে সর্বশেষ ভার্সনের থ্রিজি নেটওয়ার্ক স্থাপন করা হবে। এ উন্নয়নগুলো করা হবে বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায়।

অ্যালকাটেল লুসেন্ট সাংহাই বেলের সঙ্গে ১৪ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার চুক্তিমূল্যে ঢাকার উত্তরা, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক উন্নয়ন করা হবে।

এ চুক্তির আওতায় ৪২৫টি নতুন সাইটে টুজি নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৩৯০টি সাইটে সর্বশেষ ভার্সনের থ্রিজি নেটওয়ার্ক স্থাপন করা হবে। 

আগামী ২০১৮ সালের জুনের মধ্যে এ দুটি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারিত হয়ে টেলিটকের সেবার মান আরও আধুনিক হবে বলে আশা প্রকাশ করেন গিয়াস উদ্দিন আহমেদ।

অবৈধ ভিওআইপি অভিযানগুলোতে টেলিটকের সিমও পাওয়া যাচ্ছে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, অবৈধ ভিওআইপির বিরুদ্ধে অভিযানে অপারেটরের নাম না দেখে বিটিআরসিকে অভিযান চালানোর নির্দেশনা রয়েছে।

“কোন অপারেটর, কত বিগ অপারেটর, স্মল অপারেটর কিছু দেখার দরকার নেই।”

পুরনো খবর:

টেলিটক নেটওয়ার্ক উন্নয়নে হুয়াইওয়ের সঙ্গে চুক্তি