বসুন্ধরায় হুয়াওয়ের নতুন সেবা কেন্দ্র
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন সার্ভিস সেন্টার বা সেবাকেন্দ্র উদ্বোধন করেছে মোবাইল হ্যান্ডসেট কোম্পানি হুয়াওয়ে।
বুধাবর হুয়াওয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত এক মাসের মধ্যে আটটি সেবা কেন্দ্র উদ্বোধন করছে প্রতিষ্ঠানটি।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সেবা কেন্দ্র উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনলোজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাংসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।
নতুন সেবাকেন্দ্রের উদ্বোধনকালে ইংমার ওয়্যাং বলেন, ‘রাজধানীর গুরুত্বপূর্ণ একটি শপিং সেন্টারে গ্রাহক সুবিধাসম্পন্ন নতুন সেবাকেন্দ্রের উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উচ্চ মানসম্পন্ন স্মার্টফোন ও বিক্রয়োত্তর সেবাদানের মাধ্যমে ইতিমধ্যে হুয়াওয়ে অত্যন্ত দ্রুতগতিতে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছে।”
গত মাসে ঢাকার উত্তরা ও সাভার ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও রাজশাহীতে নতুন আটটি সেবাকেন্দ্র উদ্বোধন করেছে হুয়াওয়ে।
শিগগিরই দেশজুড়ে আরও সেবাকেন্দ্র স্থাপন করা হবে বলে জানান ইংমার ওয়্যাং ।
সবমিলিয়ে বর্তমানে বাংলাদেশে হুয়াওয়ের মোট ১৪টি সেবা কেন্দ্র এবং ৫৪টি কালেকশন পয়েন্ট রয়েছে। সেবাকেন্দ্রগুলোতে গ্রাহকরা ওয়্যারেন্টি থাকা ডিভাইসগুলোর বিনামূল্যে গ্রাহকসেবা নিতে পারবেন এবং এর সাথে ওয়্যারেন্টিবিহীন ডিভাইসের ক্ষেত্রে কমমূল্যে সেবা নিতে পারবেন।
গ্রাহকদের আরও কার্যকর উপায়ে সেবাদানের লক্ষ্যে একটি হটলাইন নম্বর (০৯৬১০ ৭৭৭ ৭৭৭) চালু করেছে প্রতিষ্ঠানটি। হটলাইন নম্বরে সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রাহক সেবা পাওয়া যাবে।
